গত বছরের তুলনায় চলতি বছর অভিবাসন ৩০ শতাংশ বেড়েছে। তবে সমুদ্রপথে মানব পাচারসহ অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি আছে। তেমনি বিদেশে নারী অভিবাসনের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের সুরক্ষার জন্য প্রতিশ্রুত ব্যবস্থাগুলো এখনো নেওয়া হয়নি।
বাংলাদেশের জন্য ২০১৫ সালে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের অর্জন ও চ্যালেঞ্জ মূল্যায়ন করতে গিয়ে বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) চেয়ার তাসনিম সিদ্দিকী গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় রামরু জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সমুদ্রপথে মানব পাচারের সঙ্গে কারা জড়িত এবং এদের কেন বিচার করা হচ্ছে না—জানতে চাইলে তাসনিম সিদ্দিকী বলেন, বিভিন্ন অভিবাসন দপ্তরের তালিকা এবং রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধৃত করে গণমাধ্যমে ইতিমধ্যে সেখানকার জনপ্রতিনিধি ও তাঁর পরিবারের ২৬ জন সদস্যের নাম এসেছে। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে মামলাও হয়েছে। অথচ ২০১৩ সালের অভিবাসী আইন ও মানব পাচার আইনের পরিবর্তে তাঁদের বিরুদ্ধে জালিয়াতির ধারায় মামলা করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে যে অভিবাসী ও মানব পাচারের আইনে মামলা করতে হবে, এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সচেতনতার ঘাটতি আছে।
তবে কি সরকার এ ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নেয়নি—এ প্রশ্নের জবাবে তাসনিম সিদ্দিকী বলেন, মনে হয় না সরকার এ ক্ষেত্রে যথেষ্ট করেছে। এখানে সরকারের অঙ্গীকারের প্রয়োজন ছিল। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, মানব পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি ঠিক নয়। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা কী, সেটি আইনে স্পষ্ট বলা আছে।
তাসনিম সিদ্দিকী বলেন, সমুদ্রপথে মানব পাচারের ফলে যাঁরা বাবা হারিয়েছেন, যাঁরা সন্তান হারিয়েছেন, যাঁরা স্বামী হারিয়েছেন তাঁদের সহযোগিতার জন্য কিছু হয়নি। তাঁদের বিয়োগান্ত পরিণতির জন্য আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
রামরুর প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক মনে করেন, মানব পাচারসহ অভিবাসনের ক্ষেত্রে অবৈধ প্রক্রিয়া বন্ধের জন্য জনসচেতনতার পাশাপাশি বিকল্প ব্যবস্থা সৃষ্টি করতে হবে। অর্থাৎ পাচারকারীদের কাছে না যাওয়ার পাশাপাশি প্রবাসীকল্যাণ ব্যাংকসহ বিভিন্ন উৎস থেকে তাঁদের জন্য সহজ শর্তে অর্থ পাওয়া নিশ্চিত করতে হবে। এর ফলে বিদেশে কর্মসংস্থানে আগ্রহীরা ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়া বন্ধ করবেন।
সংবাদ সম্মেলনের শুরুতে মূল্যায়ন প্রতিবেদন পড়েন তাসনিম সিদ্দিকী। এতে বলা হয়, ২০১৫ সালে একটি চক্র বাংলাদেশের লোকজনের জন্য একটি নতুন অনিয়মিত রুট চালু করেছে। সিরিয়ার শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশের লোকজনকেও অবৈধ পথে ইউরোপ পাঠানো হচ্ছে। এ ছাড়া সুদানের পর্যটন ভিসার সুযোগ নিয়ে বাংলাদেশের লোকজনকে সুদান থেকে লিবিয়ায় পাঠানো হচ্ছে। অবিলম্বে এটি বন্ধ করতে হবে।
জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ লাখের বেশি বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন। ২০১৪ সালের তুলনায় এই হার ৩০ শতাংশ বেশি। আর নারী অভিবাসনকারীর সংখ্যা গত বছরের চেয়ে ১৯ শতাংশ বেড়েছে। এ বছর নারী অভিবাসনকারীর সংখ্যা এক লাখ হতে পারে। তবে তাঁদের সুরক্ষার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, মুঠোফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করার মতো অঙ্গীকার এখনো পূরণ হয়নি। তেমনি তাঁদের ওপর নির্যাতনের যেসব ঘটনা ঘটছে, তা দূর করতে সরকারকে মনোযোগী হতে হবে।
সংবাদ সম্মেলনে আবুল বাসারসহ রামরুর কয়েকজন গবেষক উপস্থিত ছিলেন।