অভিবাসন দারিদ্র্য কমাচ্ছে, দেশেও কর্মসংস্থান হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অভিবাসন দেশের দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ, নারী-পুরুষ যাঁরাই বিদেশে যাচ্ছেন তাঁরা তাঁদের পরিবার ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন। আবার যে এলাকা থেকে লোকজন বেশি বিদেশে যাচ্ছেন, সেখানে দেশের ভেতরের অন্য এলাকা থেকে আসা লোকের কর্মসংস্থান হচ্ছে।

‘দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নে অভিবাসনের ভূমিকা’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে। আজ রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)। আন্তর্জাতিক সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহযোগিতায় রামরু এই জরিপ পরিচালনা করে।

জরিপের ফলাফল উপস্থাপন করেন রামরুর চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী। তিনি বলেন, দেশের ১৭টি জেলার পাঁচ হাজার ৮৪টি পরিবারের ওপর জরিপ চালানো হয়েছে। জরিপে দেখা গেছে, যাঁরা বিদেশে যাচ্ছেন তাঁরা তাঁদের পরিবারের দারিদ্র্য দূর করতে ভূমিকা রাখছেন। প্রবাসীদের মধ্যে ১৩ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে, আর যাঁরা দেশের ভেতরেই অভিবাসন করছেন, তাঁদের মধ্যে ৪৭ শতাংশ দারিদ্রসীমার নিচে। আর যাঁরা কোথাও অভিবাসন করছেন না, তাঁদের মধ্যে ৪০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে। এ ছাড়া যাঁরা বিদেশে যাচ্ছেন তাঁদের জীবনমান অন্যদের চেয়ে ভালো।

তাসনিম সিদ্দিকী বলেন, ‘যেসব এলাকা থেকে লোকজন বেশি বিদেশে যাচ্ছে সেসব এলাকায় দেশের ভেতর থেকে অন্য এলাকার লোকজন কাজ করতে আসছে। এর অর্থ হলো সেখানে তাদেরও কর্মসংস্থান হচ্ছে।’ জরিপের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, এলাকার উন্নয়ন, বাজার, মাদ্রাসা-মন্দির, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই অভিবাসীদের অবদান অন্যদের চেয়ে বেশি।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন। তিনি বলেন, ‘দারিদ্র্য নিরসনে অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অভিবাসন খাতকে আরও শৃঙ্খলায় আনতে চাই আমরা।’

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও এসডিসির ঊর্ধ্বতন কর্মকর্তা সিক্রো মেসেরলি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এরপর জরিপের ফলাফল ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান।

দ্বিতীয় অধিবেশনে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের গবেষণা পরিচালক অর্থনীতিবিদ বিনায়ক সেন। তিনি বলেন, ‘যেই এলাকা থেকে অভিবাসন বেশি হচ্ছে সেখানে নারীর ক্ষমতায়ন বেশি হচ্ছে কি না, প্রবাসীরা তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য অতিরিক্ত খরচ করলেও সেটা কত কাজে আসছে এই বিষয়গুলো দেখা দরকার।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকল্প পরিচালক দিলদার হোসেন ও দীপঙ্কর রায়ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামরুর সমন্বয়ক সি আর আবরার।

সমাপনী অধিবেশনের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সাবেক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘প্রতিবছর ১৫ থেকে ২০ লাখ লোক কর্মসংস্থানের উপযুক্ত হচ্ছে। এর মধ্যে পাঁচ থেকে ছয় লাখ লোক প্রতিবছর বিদেশে যাচ্ছে। আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। সব এলাকা থেকেও যেন লোকজন বিদেশে যেতে পারে সেটিও দেখতে হবে।’ তিনি বলেন, ‘ধনী-গরিবের মধ্যে আয়ের বৈষম্য বাড়ছে। গরিবেরা আরও গরিব, ধনীরা আরও ধনী হচ্ছে। কীভাবে এই অবস্থার পরিবর্তন করা যাবে এই জরিপ কাজে আসতে পারে।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, ‘দেশের মানুষের আয় বাড়লেও বৈষম্য বাড়ছে। বিদেশে যাওয়ার আগে একজনের অবস্থা কী ছিল এবং পরে কী অবস্থা হয়েছে, আগে কোন পেশায় ছিল, পরে কোনো পেশায় আছে—সেই বিষয়গুলো উঠে আসা উচিত।’