ইরাক ও সিরিয়ায় যুদ্ধ অভিবাসী ও শরণার্থীর সংখ্যা বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন সুইডেনের বিচার ও অভিবাসনবিষয়ক মন্ত্রী মরগান জোহানসন। তিনি বলেছেন, অভিবাসন স্বাভাবিক বিষয়। যত দিন যুদ্ধ ও সংঘাত থাকবে, ধনী-গরিবে বৈষম্য থাকবে, তত দিন অভিবাসন চলতেই থাকবে। কাজেই মানুষ কেন যাচ্ছে বা আসছে, সেই তর্কের চেয়েও জরুরি অভিবাসন ব্যবস্থাপনা ঠিক করা।
সফররত সুইডিশ মন্ত্রী গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক অভিবাসন নিয়ে আয়োজিত জনবক্তৃতায় এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার সুইডিশ দূতাবাস এই জনবক্তৃতার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ অভিবাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছর ঢাকায় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) বৈঠক হবে। বৈঠকের সভাপতি হিসেবে অভিবাসন ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন—এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সুইডিশ মন্ত্রী মরগান বলেন, ইরাক ও সিরিয়ায় যুদ্ধ, আফ্রিকার নানা সংকট অভিবাসী ও শরণার্থীর সংখ্যা বাড়াচ্ছে। তবে কোনো একক দেশের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সিরিয়ার শরণার্থী সমস্যা শুধু সিরিয়া, জর্ডান কিংবা আশপাশের দেশগুলো সমাধান করতে পারবে না। অভিবাসন ও শরণার্থী সমস্যা সমাধানে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে কাজ করতে হবে।
মরগান তাঁর বক্তব্যে প্রবাসী-আয়, শ্রমিক অভিবাসন, অভিবাসীদের ক্ষমতায়ন এবং নিয়োগ-প্রক্রিয়া—এ চারটি বিষয়ে কথা বলেন। বাংলাদেশের প্রায় এক কোটি লোক বিদেশে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী আয় অনেক দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিদেশ থেকে টাকা পাঠানোর খরচ কমাতে হবে। আর প্রবাসী আয় শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারের বিষয়গুলোর জন্য খরচ করা উচিত।
শ্রমিকদের অভিবাসনের বিষয়ে সুইডিশ মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে তাঁরা কাজ করতে যাচ্ছেন। তাঁরা যেন বৈধভাবে কাজ করতে গিয়ে নিরাপদে ফিরে আসতে পারেন। আর এই শ্রমিকদের বেতন যেন ওই দেশের শ্রমিকদের চেয়ে কম না হয়। অভিবাসীদের নিপীড়ন বন্ধে এবং অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের ক্ষমতায়ন খুব জরুরি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। তিনি বলেন, শ্রমিক প্রেরণ ও গ্রহণকারী উভয় দেশ মিলেই ব্যবস্থাপনা ঠিক করতে হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থী রাখছে।
নাগরিক সমাজের উদ্দেশে আয়োজিত এই বক্তৃতা অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, সুইডিশ দূতাবাস, আন্তর্জাতিক অভিবাসী সংস্থাসহ অভিবাসন বিষয়ে কাজ করা বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।