অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক বৈঠক আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞদের দুই দিনের বৈঠক আজ সোমবার ঢাকায় শুরু হচ্ছে। দুই দিনের বৈঠকে প্রস্তাবিত সুপরিশ নিয়ে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে দর-কষাকষি শুরু হবে।
অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক বৈঠক উপলক্ষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল রোববার তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মো. শহীদুল হক জানান, বাংলাদেশ ও সুইজারল্যান্ড আয়োজিত দুই দিনের বৈঠকে ৬০টি দেশ ও ১৫টি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর একটি হোটেলে বৈঠকের উদ্বোধন করবেন।
পররাষ্ট্রসচিব জানান, দুই দিনের বৈঠকে ছয়টি কর্ম-অধিবেশনে অভিবাসন, অর্থনৈতিক উন্নয়ন, উন্নত কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যারোলিন ট্রটউইলে বলেন, ‘অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন ও উন্নয়ন প্রক্রিয়ায় অভিবাসনকে যথার্থভাবে কাজে লাগাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আমরা সহযোগিতা করছি।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার শওকত হোসেন।