অভিবাসনবিষয়ক প্রতিবেদনের জন্য সেরা পুরস্কার পেল প্রথম আলো
অভিবাসীর অধিকার সুরক্ষায় জনসচেতনতা তৈরি এবং অভিবাসী ও তাদের পরিবারের কল্যাণ রক্ষায় ভূমিকার জন্য দেশে প্রথমবারের মতো ১০ জন সাংবাদিককে সম্মাননা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এতে জাতীয় পর্যায়ের পত্রিকা হিসেবে প্রথম পুরস্কার পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসান।
গতকাল মঙ্গলবার ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া—এই তিন বিভাগে সেরা তিনজন করে সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়।
আয়োজকেরা জানান, সাংবাদিকদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনগুলো মূল্যায়নের জন্য ব্র্যাকের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি বিচারক প্যানেল করা হয়। তাতে বিবিসি মিডিয়া অ্যাকশন, রয়টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের একজন করে প্রতিনিধি ছিলেন।
ঢাকা ট্রিবিউন-এর আবিদ আজাদ দ্বিতীয় এবং ডেইলি স্টার-এর বেলাল হোসেন তৃতীয় পুরস্কার পেয়েছেন। স্থানীয় পর্যায়ের পত্রিকার সাংবাদিকদের মধ্যে পুরস্কার পেয়েছেন নরসিংদীর শরীফ ইকবাল, রংপুরের আফতাব হোসেন ও সিলেটের স্থানীয় সাংবাদিক আবু বকর সিদ্দিক। অনলাইন পত্রিকার জন্য পুরস্কার পেয়েছেন রবিউল ইসলাম। ইলেকট্রনিক মিডিয়া বিভাগে ৩৬০ ডিগ্রি অনুষ্ঠানের জন্য প্রথম হয়েছেন যমুনা টিভির সালাহ উদ্দিন হেলালী। এটিএন বাংলার কেরামত উল্লাহ বিপ্লব দ্বিতীয় ও একাত্তর টিভির ঝুমুর বারী তৃতীয় হয়েছেন।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ মুসা সাংবাদিকদের হাতে স্মারক, প্রশংসাপত্র ও পুরস্কারের অর্থের চেক দেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবুল কালাম, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, পরিচালক শীপা হাফিজা ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান হাসান ইমাম অনুষ্ঠানে বক্তব্য দেন।