আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক ল্যাসি সুইং মনে করেন, বিদেশে কর্মসংস্থানের জন্য কোনো শ্রমিক কাজে যোগ দেওয়ার সময় তাঁর অভিবাসনের খরচ নিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া উচিত। এর পাশাপাশি অভিবাসী শ্রমিকের কষ্টার্জিত রেমিট্যান্স দেশে পাঠানোর খরচও কমিয়ে আনা উচিত।
ঢাকায় অনুষ্ঠানরত অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন জিএফএমডিতে যোগ দেওয়ার ফাঁকে গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ল্যাসি সুইং এই মত দেন। তিন দিনের জিএফএমডি সম্মেলন গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ল্যাসি সুইং বলেন, অনেক অবৈধ ও দুর্নীতিপরায়ণ নিয়োগকারী প্রতিষ্ঠান আছে, যারা শ্রমিকদের আমৃত্যু দাসত্বের পথে নিয়ে যায়। দেখা যায়, একজন অভিবাসীর দুই বছরের আয় রিক্রুটিং এজেন্সির পকেটে চলে যায়। অথচ অভিবাসী ওই শ্রমিকের কোনো খরচই দেওয়া উচিত নয়। এই খরচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যাদের জন্য অভিবাসী শ্রমিক কাজ করবেন, সেই প্রতিষ্ঠানেরই বহন করা উচিত।
প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠানোর খরচ কমানোর বিষয়ে আইওএমের মহাপরিচালক বলেন, একজন প্রবাসীকে তাঁর কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে ১৫ শতাংশ পর্যন্ত খরচ করতে হয়। এই হার কমানো উচিত। রেমিট্যান্সের খরচ ৫ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার জন্য আইওএম কাজ করছে। এ ছাড়া অভিবাসীদের নিরাপত্তা দেওয়া, তাঁদের অধিকার রক্ষা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করার জন্য গ্লোবাল কমপ্যাক্টের আওতায় শ্রমশক্তি রপ্তানিকারক দেশগুলোকে একটি আইনগত বাধ্যবাধকতার আওতায় আনার কাজ চলছে বলে জানান ল্যাসি সুইং। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের সঙ্গে একটি যৌথ প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে ল্যাসি সুইং বলেন, এর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি মানদণ্ড ও আচরণবিধি নির্ধারণ করা হবে। যারা এটা মানবে তারা টিকে থাকবে, যারা মানবে না তারা ব্যবসা করতে পারবে না। প্রবাসে অভিবাসীদের নাজুক মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গে তাঁর বক্তব্য, গত এক বছরে কেবল ভূমধ্যসাগরীয় অঞ্চলে চোরাচালানি অথবা মানব পাচারকারীদের হাতে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৯০ জন অভিবাসী। তিনি নিশ্চিত, বিশ্বজুড়ে এর পরিমাণ আরও অনেক বেশি। অভিবাসনের ক্ষেত্রে এই যে চড়া মূল্য, এর দিকেও দৃষ্টি দেওয়া উচিত।
মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সাম্প্রতিক সমস্যার সমাধান নিয়ে ল্যাসি সুইং বলেন, এটি একটি রাজনৈতিক সমস্যা। তাই মানবিক বিষয় নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো এর সমাধান দিতে পারবে না।