অভিবাসনের নামে শ্রমিক পাচার বন্ধের আহ্বান
রাজধানীতে এক মতবিনিময় সভায় বক্তারা অভিবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসনের দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, বিদেশে শ্রমিক পাঠানোর নামে পাচার বন্ধ করতে হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নিরাপদ অভিবাসন, অভিবাসী শ্রমিকদের শোভন কাজ এবং পাচার প্রতিরোধে করণীয়’ শীর্ষক একটি মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এ সভার আয়োজন করে।
সভায় শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন বলেন, বিদেশ গমনে ইচ্ছুক ও সাধারণ জনগণের মধ্যে অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। সরকারি উদ্যোগে উপজেলা পর্যায়ে বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিদের নিয়ে বিশেষ প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে হবে। পাশাপাশি সার্বক্ষণিক সহযোগিতার জন্য ‘হেল্প লাইন’ খুলতে হবে৷ এ জন্য উদ্যোক্তাদের একটি সমন্বিত কমিটি গঠন করা দরকার৷ বক্তারা শ্রমিকদের নিরাপদ অভিবাসন, পাচার প্রতিরোধ ও বিদেশে শ্রমিকদের নিরাপত্তা সম্পর্কে আলোচনা করেন। অভিবাসী শ্রমিকদের নানামুখী সমস্যার সমাধানে পরিকল্পনা গ্রহণ করেন বক্তারা। বিলসের ভাইস চেয়ারম্যান ও সাংসদ শিরীন আখতারের সভাপতিত্বে ও কোহিনুর মাহমুদের সঞ্চালনায় সভায় বিলসের ভারপ্রাপ্ত মহাসচিব ওয়াজেদুল ইসলাম খান, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শাহ মো. আলী রেজা চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ বক্তব্য দেন।