অভিবাসী বাংলাদেশিদের সমর্থন পাচ্ছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। অন্যান্য মার্কিনের মতো এতে ভোট দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরাও। বরাবরের মতো এবারও অধিকাংশ অভিবাসী বাংলাদেশি ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন।ডেমোক্র্যাট রাজ্য হিসেবে পরিচিত নিউইয়র্ক ও নিউজার্সিতে ভোট নিয়ে তেমন কোনো উত্তেজনা নেই। ইলেকটোরাল ভোটের হিসাবে সব নির্বাচনী উত্তেজনা এখন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে।ভোট শুরুর কিছুক্ষণ আগে কথা হয় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি শাহানা বেগমের সঙ্গে। মার্কিন নাগরিকত্ব পাওয়ার পর এবারই প্রথম ভোট দিচ্ছেন তিনি। তিনি বললেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের বিতর্ক—সবই শিক্ষণীয়। শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নের উপায়ও প্রার্থীদের বলতে হয়। শাহানা জানালেন, প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট ছাড়া ব্যালট পেপারের লম্বা ফর্দে থাকা অন্য কোনো প্রার্থী সম্পর্কে কোনো তথ্যই জানেন না তিনি।যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সামিন চৌধুরী তাঁর জীবনের প্রথম ভোটটি দিচ্ছেন ডেমোক্র্যাট দলের প্রার্থীকে। নিউজার্সিতে বসবাসরত নাসিমা সুলতানা বলেন, এক বছর ধরে বেকার ভাতায় চলছেন তিনি। ওবামাকে ভোট দিলে এই ভাতা বহাল থাকবে বলে মনে করেন তিনি। এ জন্য তাঁর প্রতিই নাসিমার সমর্থন থাকছে।নিউজার্সির প্যাটার্সনে বসবাসরত আরেক বাংলাদেশি সৈয়দ সাহজলি বললেন, টেলিভিশন চালু না করলে টের পাওয়ার উপায় নেই যে নির্বাচন হচ্ছে। কোথাও মাইকের শব্দ নেই, এখানে-ওখানে মিছিল-সমাবেশ নেই, কাজকর্মে কোথাও রাজনীতি নিয়ে তেমন আলোচনাও নেই। উৎসব না থাকলেও ডেমোক্র্যাটদের ভোট দিচ্ছেন তিনি।নিউজার্সির ফ্রি হোল্ডে বসবাসরত শারমিন আহমেদ জানালেন, বক্তৃতা আর প্রতিশ্রুতিতে কোনো কাজ হয়নি। মিট রমনি ও রিপাবলিকান প্রার্থীদের ভোট দিলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন বাংলাদেশি এই প্রযুক্তিবিদ। ভোট উপলক্ষে যুক্তরাষ্ট্রে কোনো সরকারি ছুটি নেই। কাজে যাওয়ার আগে, বিরতির সময় বা কাজ শেষে ভোট দেন ভোটাররা।উত্তর-পূর্বের অঙ্গরাজ্যগুলোতে ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষত এখন প্রকট। সেখানকার লোকজন এখনো বাড়িছাড়া। নিউজার্সির দক্ষিণের নগর টমস রিভার এলাকায় বিদ্যুৎ না থাকায় ভোটকেন্দ্রের বাইরে ভোট গ্রহণের গাড়ি বসানো হয়েছে। ভোট উপলক্ষে আগেভাগেই ভোটারদের কাছে পাঠানো হয়েছে নমুনা ব্যালট পেপার। ভোটকেন্দ্রগুলোতে বসানো হয়েছে ইলেকট্রনিক ভোটের মেশিন। মেশিনে হাতল চেপে বা বোতাম টিপে ভোট দেবেন ভোটাররা।