অভিবাসী শ্রমিকদের পেছনে সরকারের তেমন খরচ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, অভিবাসী শ্রমিকদের পেছনে সরকারের তেমন কোনো ব্যয় বা খরচ নেই। শ্রমিকেরা নিজেরা টাকা খরচ করে বিদেশ গিয়ে কঠোর পরিশ্রম করে দেশে ফেরেন। শ্রমিকেরা সঞ্চয় করেন, তবে তা দিয়ে সুনির্দিষ্ট আয়ের পথ তৈরি হয় না। এই শ্রমিকদের দিকে একটু বেশি নজর দিতে হবে।
গতকাল রোববার আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশে অর্থনীতি শক্তিশালীকরণে অভিবাসীদের অবদান’ শীর্ষক ছায়া সংসদ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের বিষয়ে মসিউর রহমান বলেন, ব্যাংকটির পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে চালু হওয়ার কথা ছিল। তা হয়নি। অথচ এ ব্যাংককে পূর্ণাঙ্গ ব্যাংকের মতোই কর দেওয়া, সিএসআরের আওতায় আসাসহ সব দায়দায়িত্ব পালন করতে হচ্ছে। বর্তমানে একটি সমীক্ষা হওয়া প্রয়োজন, ব্যাংকটি আসল উদ্দেশ্য পূরণের ক্ষমতা অর্জন করতে পেরেছে কি না বা ভবিষ্যতে পারবে কি না।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ছায়া সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব শামছুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। ছায়া সংসদে সরকারি দলে ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা।