
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার সম্প্রতি ঢাকায় এসেছিলেন এবং তাঁর সফরসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসী শ্রমিকদের সুরক্ষা। সরকারি হিসেবে বিভিন্ন দেশে এক কোটির বেশি বাংলাদেশি অভিবাসী কাজ করছেন। অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রম ও নিরাপত্তা মান ইত্যাদি বিষয় নিয়ে গাই রাইডার কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন কামাল আহমেদ
প্রথম আলো: বাংলাদেশের জন্য অভিবাসন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, বিশ্বের যেসব দেশ সর্বাধিক সংখ্যায় অভিবাসী শ্রমিক পাঠিয়ে থাকে, বাংলাদেশ তার অন্যতম। বিভিন্ন অঞ্চলে অভিবাসীদের প্রতি ভালো আচরণ করা হয় না। সেটা মধ্যপ্রাচ্য, ইউরোপ এমনকি আমেরিকাতেও ঘটছে। আপনি সেখানে আশা জাগানোর মতো কী বলতে পারেন?
গাই রাইডার: আপনি যে চ্যালেঞ্জের কথা বলছেন, সেটা আমরা জানি। অভিবাসী শ্রমিকেরা তাঁদের বৈশিষ্ট্যের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা শ্রমিক। আপনি যখন আপনার পরিচিত পরিবেশ ছেড়ে দেশত্যাগ করছেন, তখন আপনি আপনার সবকিছুই ছেড়ে দেন অন্যদেশের সরকার, অন্য একজন নিয়োগকর্তার হাতে। সুতরাং সংজ্ঞার দিক থেকেই আপনি ঝুঁকিতে। অভিবাসীদের উন্নত সুরক্ষা কীভাবে দেওয়া যাবে, তা নিয়ে আলোচনার জন্য সদ্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে অভিবাসন বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলন। জাতিসংঘ ২০১৮ সালে একটি সনদ, গ্লোবাল কমপ্যাক্ট অনুমোদন করতে বদ্ধপরিকর, যার লক্ষ্য হবে ন্যায়ভিত্তিক এবং সুশৃঙ্খল অভিবাসন। তবে আমরা, আইএলও ২০১৮ পর্যন্ত অপেক্ষা করব না। আমরা অভিবাসীদের অবস্থার উন্নতি ঘটাতে অনেক দেশের সঙ্গে কাজ শুরু করেছি। সম্প্রতি ইন্দোনেশিয়া সফরের সময় আমি কাতারের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। অভিবাসীদের যেসব শর্তের অধীনে নিয়োগ করা হয়, সেই ব্যবস্থায় উন্নতি আনার চেষ্টা করছি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কখনো কখনো তা হতাশাজনকও বটে। আমি এটিকে অগ্রাধিকার দিচ্ছি।
এখানে সবচেয়ে বড় ধাঁধা অবশ্য অন্য। অর্থনৈতিক উন্নয়নের জন্য অভিবাসনের প্রয়োজন এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এমন দেশ আছে যাদের বাড়তি এবং তরুণ শ্রমশক্তি আছে, আবার অন্য এমন কিছু দেশ আছে, যাদের এ ক্ষেত্রে ঘাটতি রয়েছে। উন্নয়নের জন্য অভিবাসনের যৌক্তিকতা আগে কখনো এত শক্তিশালী ছিল না। কিন্তু অভিবাসনের পথে সামাজিক ও রাজনৈতিক বাধাও এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি কঠিন। আমার মনে হয়, অভিবাসনবিরোধী বিষাক্ত প্রচারণা বৃদ্ধির জন্য আমাদের সবার—আমি একজন ইউরোপীয় হিসেবে বলছি, উদ্বিগ্ন হওয়া উচিত।
প্রথম আলো: পরিস্থিতি যে বদলাবে, আপনি এমন কোনো আশা দেখেন?
গাই রাইডার: হ্যাঁ, আশা সব সময়ই থাকবে। তবে আমাদের সেই আশায় বসে থাকা উচিত নয় যে একসময় এটা এমনিতেই ঠিক হয়ে যাবে।
প্রথম আলো: এই সফরে আপনি বাংলাদেশের জন্য কী বার্তা নিয়ে এসেছেন?
গাই রাইডার: আইএলওর কোনো মহাপরিচালকের গত ৩০ বছরের মধ্যে এটা প্রথম বাংলাদেশ সফর। আমরা এসেছি বেশ কয়েকটি বার্তা নিয়ে। প্রথম বার্তাটি হচ্ছে আইএলও বাংলাদেশের সরকার, নিয়োগকর্তা ও শ্রমিকদের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। কেননা, আমাদের সংগঠন এই তিনটি গোষ্ঠীর সবারই প্রতিনিধিত্ব করে। আমার মনে হয় আপনাদের দেশকে অনেক দিন ধরেই বেশ কিছু ইস্যু মোকাবিলা করতে হচ্ছে, বিশেষ করে ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে। আমরা অনেক দিন ধরেই তৈরি পোশাকশিল্পে কাজ করছি। প্রথমত, এই শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা। কারখানাগুলোর অবকাঠামো টেকসই করানো। একই সঙ্গে এই শিল্পের ক্ষমতা বা সামর্থ্য বাড়ানো, যাতে কাজের পরিবেশটা ভালো থাকবে এবং শিল্প সম্পর্কে (শ্রমিক-মালিক সম্পর্ক) ন্যায়পরায়ণতা থাকবে। আমার মনে হয়, আমরা অনেক দূর এগিয়েছি। তবে আমরা এটাকে বহুমুখীও করতে চাই।
১০ ডিসেম্বর আমি এই দেশে আসার পর আমরা ইতিমধ্যে সামাজিক সংলাপকে কেন্দ্র করে নতুন একটি উদ্যোগ শুরু করেছি। দক্ষতা বৃদ্ধি বা স্কিলস ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছি এবং গতকালই আমি স্কিলস অ্যান্ড এমপ্লয়েবিলিটি ডেভেলপমেন্ট সামিটে অংশ নিয়েছি, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন।
প্রথম আলো: বাংলাদেশের শ্রমিকদের বিষয়টি শুধু রানা প্লাজাতেই সীমাবদ্ধ নয়, অন্যান্য শিল্প খাতেও শ্রমিকদের নিরাপত্তার ঝুঁকি আছে। সেসব ক্ষেত্রে সমস্যাটির সমাধানে কী পদক্ষেপ নেওয়া যায় বলে আইএলও মনে করে?
গাই রাইডার: আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতিকে শুধু একটি খাতের মধ্যে নামিয়ে আনা ঠিক হবে না। আমরা বাংলাদেশে সামর্থ্য গড়ে তোলার চেষ্টা করছি। শ্রম পরিদর্শকদের পুরোপুরি সক্ষম ও কার্যকর করে তোলা; অগ্নিকাণ্ড প্রতিরোধের ব্যবস্থা—এগুলো শুধু পোশাক খাতের জন্য নয়, আমরা পুরো শিল্প খাতের সামর্থ্য গড়ে তোলার চেষ্টা করছি। এ ছাড়া আমরা বাংলাদেশ সরকারের ভেতরে আমাদের বন্ধুদের সঙ্গে শ্রম আইন পরিবর্তনের জন্য কাজ করছি। এর উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনা।
প্রথম আলো: নিয়োগকর্তারা সব সময় যুক্তি দেখান, মজুরি বাড়ানো হলে অথবা নিরাপত্তার জন্য বিনিয়োগ বাড়াতে হলে তাদের মুনাফা থাকে না। তাঁদের প্রতি আপনার জবাব কী?
গাই রাইডার: এখানে আমাদের সাবধান হওয়া উচিত। মজুরি বাড়ানো, শিল্পকে নিরাপদ করার জন্য বাড়তি বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আমাদের চাওয়াটা যদি অনেক বেশি হয়, তাহলে ওই শিল্পের প্রতিযোগিতার ক্ষমতার ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। এখানে দুটো বিষয় আছে। প্রথমটি হচ্ছে রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক খাতের জন্য অনেক পদক্ষেপ গ্রহণের কথা আমরা বলেছি, তারপরও তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি অব্যাহত আছে এবং প্রবৃদ্ধিটা বেশ জোরালো। সুতরাং আমি বলব, এটা বিশ্বাস করার কোনো কারণ বা প্রমাণ নেই যে নিরাপত্তার মান বাড়ানোর জন্য এ পর্যন্ত করা বিনিয়োগে প্রতিযোগিতা-সক্ষমতার কোনো ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত, এটাই আন্তর্জাতিক বাস্তবতা যে ভবিষ্যতের সাফল্য ও পোশাকশিল্পের টেকসই ভবিষ্যৎ বিশেষভাবে নির্ভরশীল হবে যে বিষয়টির ওপর, তা হলো বিশ্বব্যাপী সম্ভাব্য বাজার ও ক্রেতাদের কাছে প্রমাণ করতে হবে যে তারা মৌলিক সামাজিক মান, মৌলিক নিরাপত্তা মান অনুসরণ করেছে। সুতরাং, এখানে যে কথা বলা হচ্ছে, আমার যুক্তি তার ঠিক উল্টো।
প্রথম আলো: বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শোভনীয় কর্মসংস্থান। শোভনীয় কর্মসংস্থানের মানে কী?
গাই রাইডার: প্রথমত, এটা হচ্ছে কাজের সুযোগ। কাজ না থাকলে শ্রমিকের অধিকারের কথা বলার কোনো মানে হয় না। এমন কাজ যাতে শোভনীয়ভাবে জীবনযাপন সম্ভব হয়, যে কাজে পরিবারের ভরণপোষণের ব্যবস্থা হয়। এমন কাজ যাতে সামাজিক সুরক্ষার ব্যবস্থা হয়, অসুস্থ হলে সাহায্য পাওয়া যাবে, চাকরি হারালে সাহায্য পাওয়া যাবে। শ্রমিকের অধিকারগুলো পুরোপুরি মেনে চলা হবে। বাংলাদেশ শ্রমিকদের মৌলিক অধিকারবিষয়ক আটটি সনদের মধ্যে সাতটি অনুস্বাক্ষর করেছে, যদিও সেগুলোর পূর্ণ বাস্তবায়নের বিষয়ে আরও কিছু কাজ বাকি। আর শেষটি হচ্ছে কাজের ক্ষেত্রে যদি কোনো শৃঙ্খলাজনিত সমস্যা হয়, কোনো বিরোধ হয়, তবে তা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। সামাজিক সংলাপ হচ্ছে শোভনীয় কর্মসংস্থানের চতুর্থ উপাদান। এই শোভনীয় কর্মসংস্থানের ধারণাটি এখন বিশ্বব্যাপী স্বীকৃত বা সর্বজনীন।
প্রথম আলো: উন্নত বিশ্বে তো আমরা একটি ভিন্ন পরিভাষা শুনে থাকি, যেটা হচ্ছে বেঁচে থাকার মতো মজুরি বা লিভিং ওয়েজ। সেখানে শোভনীয় কর্মসংস্থানের কথাটি শোনা যায় না। এই দুটো কি এক, নাকি এর মধ্যে কোনো ফারাক আছে?
গাই রাইডার: কোনো দ্বন্দ্ব নেই। এটা খুবই আগ্রহোদ্দীপক। আপনি ঠিকই বলেছেন। আমি ব্রিটিশ, আপনি সম্ভবত আমার কথা শুনেই বুঝতে পারছেন এবং আমরা অনেক বছর ধরেই বাঁচার মতো মজুরির কথা শুনে আসছি।
প্রথম আলো: আপনি ঢাকায় আসার আগে ইন্দোনেশিয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি সম্মেলনে অংশ নিয়েছেন, যার বিষয়বস্তু ছিল শোভনীয় কর্মসংস্থান। এই অঞ্চলে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, প্রবৃদ্ধির হার ভালো। কিন্তু সেই প্রবৃদ্ধির অংশ বা ডিভিডেন্ড শ্রমিকেরা কি ন্যায়সংগতভাবে পাচ্ছেন?
গাই রাইডার: আমার মনে হয়, আঞ্চলিক অভিজ্ঞতায় বাংলাদেশের অভিজ্ঞতারই ছাপ অনেকভাবে দেখা যায়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি গত দশকে বা কয়েক দশকে অন্য যেকোনো অঞ্চলের চেয়ে দ্রুততম হারে সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশের মতো দারিদ্র্য কমানোতেও এই অঞ্চলে সাফল্য আছে। কিন্তু তারপরও অসাম্য এখানে সবচেয়ে বেশি। এটা খুবই কৌতূহলের বিষয় যে আপনি মানুষকে দারিদ্র্য থেকে উল্লেখযোগ্য পরিমাণে বের করে আনতে পারলেও অসাম্য অনেক বেশি। আমরা যেটিকে জাতীয় আয়ে শ্রমিকের অংশ বা লেবার শেয়ার অব ন্যাশনাল ইনকাম বলি, তা কমেছে।
প্রথম আলো: এই বৈষম্য দূর করার উপায় কী?
গাই রাইডার: মনে রাখা দরকার, সারা বিশ্বই এই প্রশ্ন করছে। বাংলাদেশে অনেক দিকে নজর দিতে হবে। শ্রমিকদের অধিকার পুরোপুরি পূরণ করার বিষয়, তাঁদের ন্যায়সংগত পাওনা চাওয়ার অধিকার, ইউনিয়ন সংগঠিত করা এবং দর-কষাকষির অধিকার থাকতে হবে। সামাজিক সুরক্ষা স্কিম, সামাজিক বিমা যেগুলো নিচের দিকে থাকা মানুষকে ওপরে উঠতে সাহায্য করবে, তার ব্যবস্থা করতে হবে। ন্যূনতম মজুরি থাকতে হবে, বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ন্যূনতম মজুরি বেড়েছে। বিষয়টিতে হয়তো আবার নজর দিতে হবে। অতীতে অভিজ্ঞতা বলে, অসাম্য দূর করার পথে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার।
প্রথম আলো: আপনি শ্রমিকদের অধিকার, বিশেষ করে ইউনিয়ন করার অধিকারের কথা বলেছেন। বিশেষ অর্থনৈতিক এলাকা বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার জন্য এটি একটি বড় ইস্যু। কিন্তু পাশ্চাত্যের বৃহৎ করপোরেশনগুলোর দিকে তাকান, আমাজনের মতো বড় বড় নামী প্রতিষ্ঠানের কর্মীদের এই অধিকার নেই। পাশ্চাত্যের এ ধরনের দৃষ্টান্তের পাশে আপনি কীভাবে শ্রমিকদের অধিকার দিতে উন্নয়নশীল দেশগুলোর নেতাদের রাজি করাবেন?
গাই রাইডার: আমি এখানে বলতে চাই যে একই প্রত্যাশা আমরা সবার ক্ষেত্রে করি—উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম—সবার ক্ষেত্রে। সংগঠন করার অধিকার শ্রমিকদের সর্বজনীনভাবে স্বীকৃত শ্রম অধিকারের অংশ। এটা বিশ্বব্যাপী সবার জন্য বাধ্যতামূলক। বিশ্বের বিভিন্ন দেশেই এ বিষয়ে সমস্যা হচ্ছে। এটি শুধু উন্নয়নশীল দেশেই সীমাবদ্ধ নয়। এটি ইউরোপে ঘটছে, উত্তর আমেরিকায় ঘটছে। কম বা বেশি উন্নত হওয়ার কারণে এমনটি ঘটছে তা নয়। আমাদের অবস্থান খুবই স্পষ্ট, আমরা ১৮৭টি দেশের সংগঠন এবং আমরা এদের প্রত্যেকের কাছে শ্রমিকদের অধিকারের পুরোটাই দাবি করি।
প্রথম আলো: আপনার সফরের ফলাফল কী? এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
প্রথম আলো: আমি এটাকে খুবই মূল্যবান মনে করি। ঢাকায় আমার খুবই ব্যস্ত সময় কেটেছে। বাংলাদেশি বন্ধুদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছি, প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের সুযোগ হয়েছে। আমরা ভবিষ্যতের সহযোগিতার বিষয় নিয়ে একাধিক চুক্তিও করেছি। কিছু বিষয় অমীমাংসিত আছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা অনেক দূর এসেছি, কিন্তু এখনো শেষ হয়নি। পোশাক খাতে শিল্প সম্পর্কের দিকটিতে উন্নতি ঘটাতে হবে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ইউনিয়ন করার প্রশ্নে আইন সংশোধনের বিষয়টি মুলতবি হয়ে আছে। বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা সেসব বিষয়ে পদক্ষেপ নিতে বলছি। আমি আবারও বলতে চাই, বাংলাদেশের পোশাকশিল্পকে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে দেখে যে তারা সামাজিক এবং শিল্পনীতির ক্ষেত্রে প্রয়োজনীয় সবকিছুই করেছে। এগুলোর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ দেখাতে পারলে শিল্প লাভবান হবে, বাংলাদেশ লাভবান হবে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
গাই রাইডার: আপনাদেরও ধন্যবাদ।