জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, সাম্প্রতিক সময়ের অভিবাসী সংকটকে কেন্দ্র করে বিশ্ব এখন মানবিক বিপর্যয়ের সম্মুখীন। সংকটাপন্ন অভিবাসীর সংখ্যা এখন পাঁচ কোটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অভিবাসীদের নিয়ে এত বড় সংকট কখনো দেখা যায়নি। এই সংকট বিশ্ব শান্তির জন্য হুমকি।
সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৩তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ফজলে রাব্বী মিয়া গতকাল এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বিশ্বব্যাপী এই মানবিক বিপর্যয়ের প্রভাব তৃতীয় বিশ্বের দেশেও আঘাত হানবে। তাই এই অভিবাসী সংকট ও মানবিক বিপর্যয়ের আশু সমাধান প্রয়োজন। সমস্যার সমাধানে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, এনজিও ও অন্যান্য সংগঠনগুলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য একটি অভিবাসী নীতিমালা প্রণয়ন করতে হবে। বিজ্ঞপ্তি।