অভিবাসীদের অধিকার রক্ষায় একমত বিশ্ব
অভিবাসীদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে অভিবাসন নিয়ে ঢাকায় বসা বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রধানেরাও এ ব্যাপারে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথা বলেছেন।
গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম সম্মেলনের সরকারি পর্যায়ের বৈঠকের প্রথম দিন ছিল গতকাল শনিবার। প্রথম দিনের অধিবেশন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, প্রথম দিনে বিশ্বের সব নেতাই অভিবাসীদের অধিকার রক্ষার বিষয়ে একমত পোষণ করেছেন। অতীতে দেখা যেত, এ বিষয়ে ভিন্নমত থাকে। কিন্তু এবার উন্নত দেশ, অনুন্নত দেশ সবাই এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে যে, অভিবাসীদের অধিকার ও মর্যাদার রক্ষা করতেই হবে।
গতকাল সকালে প্রধানমন্ত্রী মূল অধিবেশনের উদ্বোধন করেন। এরপর ছয়টি সুনির্দিষ্ট বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়। আইএলও প্রধান গাই রাইডার দুপুরে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে অভিবাসী ও প্রবাসী শ্রমিকদের অধিকার–সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার প্রধান উইলিয়াম ল্যাসি সুইং প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে দুপুরে আইওএম আয়োজিত এক অধিবেশনে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নিয়োগ–প্রক্রিয়া স্বচ্ছ ও নৈতিক করার দাবি ওঠে।