ঐকমত্যের মধ্য দিয়ে ঢাকায় শেষ হলো জিএফএমডি সম্মেলন
অভিবাসীদের অধিকার রক্ষায় নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ
অভিবাসী ও শরণার্থীদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হলো অভিবাসন নিয়ে বিশ্বের বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সম্মেলনের সমাপনী ঘোষণা করেন। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে অভিবাসন ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে আলোচনা হলো। আমরা অনেক চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা শুনেছি। সময় এখন সেগুলো কার্যকর করার।’
পররাষ্ট্রমন্ত্রী পরে মরক্কো ও জার্মানির হাতে পরের অধিবেশনের দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে পররাষ্ট্রসচিব এবং এবারের সম্মেলনের চেয়ারম্যান মো. শহীদুল হক পুরো সম্মেলনের সারাংশ তুলে ধরেন। সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন মরক্কোর অভিবাসনবিষয়ক মহাসচিব হাবিব নাদির, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাক্কুস এদেরের। জাতিসংঘের জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
সমাপনী অধিবেশনের আগে গতকাল ভবিষ্যৎ ফোরাম, অংশীদারত্ব, দুর্যোগের সময় করণীয় এবং প্রবাসী আয় নিয়ে কয়েকটি অধিবেশন হয়।
গতকাল বিকেলে বিআইসিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পররাষ্ট্রসচিব শহীদুল হক। তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার কিংবা জলবায়ু পরিবর্তনের মতো অভিবাসীদের রক্ষার আন্দোলনেও নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। সফলভাবে জিএফএমডি আয়োজনের মধ্য দিয়ে আমরা সেই বার্তাই দিলাম বিশ্বকে।’
পররাষ্ট্রসচিব বলেন, ‘বিশ্বের ১৩০টি দেশ থেকে ৬০০ সরকারি প্রতিনিধি এবং নাগরিক সমাজের ২০০ প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা থেকে অনেকেই এসেছেন, যাঁরা প্রথমবারের মতো বাংলাদেশে এলেন।’
পররাষ্ট্রসচিব বলেন, এবারের জিএফএমডি সম্মেলনে অভিবাসন খরচ নিয়ে আলোচনা হয়েছে। অভিবাসন খরচ কমাতে হবে বলে সবাই একমত পোষণ করেছেন। সাংঘর্ষিক পরিস্থিতি কিংবা জলবায়ু পরিবর্তনের কারণে যাঁরা উদ্বাস্তু হন, তাঁদের অধিকার সংরক্ষণের বিষয়ে সবাই একমত হয়েছেন।
২০১৮ সালের মধ্যে অভিবাসী ও উদ্বাস্তু-সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি করতে যাচ্ছে বিশ্ব। বাংলাদেশই এই চুক্তি করার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব দিয়েছে জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, এবারের জিএফএমডি সম্মেলনে একটি কমপ্যাক্ট তৈরি নিয়ে আলোচনা হয়েছে।