থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সমুদ্রপথে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি ও রোহিঙ্গাদের ঢল নামাকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিয়ে গতকাল রোববার বৈঠক করেছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। একই ইস্যুতে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আনিফাহ আমান বলেছেন, ‘আমরা আর অভিবাসীদের আশ্রয় দিতে পারছি না। ইতিমধ্যে যথেষ্টসংখ্যক অভিবাসীকে আমরা আশ্রয় দিয়েছি। আর এখন পর্যন্ত কোনো দেশই বিষয়টি মীমাংসা করতে চাচ্ছে না।’ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য ছাপা হয়েছে সরকারসমর্থিত দৈনিক নিউ স্ট্রেইট টাইমসের অনলাইন সংস্করণে।
এদিকে সংখ্যালঘু রোহিঙ্গা-সংকট সমাধানের দায়দায়িত্ব মিয়ানমার সরকারকেই নেওয়া উচিত বলে মন্তব্য করেছে মালয়েশিয়া। খবর এপি, এএফপি ও বারনামার।
অভিবাসনপ্রত্যাশীদের সংকট নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক গতকাল বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের কোটা কিনাবালু শহরে অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি (অভিবাসন-সংকট) বৈঠকের আলোচনার একটি ইস্যু ও তা আলোচ্যসূচির খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।’
বাংলাদেশের গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, পূর্বপরিকল্পিত সফরের অংশ হিসেবেই কুয়ালালামপুর গেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মাহমুদ আলীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আনিফাহ বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি নিয়োগ ও সহযোগিতার বিষয়ে ২০১২ সালে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের স্বার্থ, সামাজিক ও নিরাপত্তা সমস্যাও আমাদের দেখতে হবে। এসব কিছুই বিবেচনা করা দরকার।’
১০ জাতি দক্ষিণ-পূর্ব এশীয় ফোরাম আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া। সংকটের কেন্দ্রে থাকা রোহিঙ্গাদের সমস্যা দীর্ঘদিন ধরে পাশ কাটিয়ে চলায় মিয়ানমারের পাশাপাশি এই দেশটিও সমালোচনার মুখে পড়েছে।
কর্মকর্তারা জানান, মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ ওই সংকট নিয়ে আজ সোমবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ও পরশু বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেনারেল তানাসাক পতিমাপরাগর্নের সঙ্গে কুয়ালালামপুরে বৈঠকে বসবেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী সংকট নিরসনে মিয়ানমারের প্রতি বৈঠকে বসার আহ্বান জানান। সেই সঙ্গে হুঁশিয়ার করে বলেন, এতে মিয়ানমার সাড়া না দিলে আসিয়ানের জরুরি বৈঠক ডাকবেন তাঁরা।
মালয়েশিয়া বলেছে, গত এক সপ্তাহের কিছু বেশি সময়ে দেশটির উপকূলীয় এলাকায় সহস্রাধিক অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও অন্যান্য মানবাধিকার সংস্থার মতে, এ অঞ্চলের আন্দামান সাগরে এখনো নৌকায় ভয়ানক পরিস্থিতির মধ্যে ভেসে বেড়াচ্ছেন আরও প্রায় ৭-৮ হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা।
মিয়ানমারের ওপর চাপ: মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন গতকাল বলেন, মিয়ানমার সরকারের উচিত সংখ্যালঘু রোহিঙ্গা ইস্যুর দায়দায়িত্ব মেনে নিয়ে দেশের ভেতরেই এর সমাধান করা। তান সেরি বলেন, এটা এ জন্যই প্রয়োজন যেন অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের নিয়ে সমস্যার বোঝা আসিয়ানের অন্য দেশগুলোকে বইতে না হয়।