প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, অভিবাসীদের কল্যাণ একটি বৈশ্বিক দায়িত্ব। জাতিসংঘের অভিবাসন-সংক্রান্ত সাত সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার সংসদ ভবনে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শেখ হাসিনা নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, অর্থনৈতিক কারণে সৃষ্ট অভিবাসীদের দুর্যোগ ও দুরবস্থা থেকে রক্ষা করা বৈশ্বিক দায়িত্ব। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির ভূমিকার প্রশংসা করে বলেন, তাঁর কর্মকাণ্ড অভিবাসন বিষয়ে নতুন গতি এনে দিয়েছে। খবর বাসসের।
পিটার সাদারল্যান্ড অভিবাসন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, এ বিষয়ে বাংলাদেশি সহকর্মীদের সঙ্গে কাজ করে তাঁরা সন্তুষ্ট।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রসচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রবাসীকল্যাণ সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ: প্রধানমন্ত্রী সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। শেখ হাসিনা সংসদের শীতকালীন অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি সরকার পরিচালনায় অব্যাহত সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে।
আলতাফ মাহমুদের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদের চিকিৎসায় ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন। আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদ গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন। বিএফইউজের মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী সাবেক সরকারি কর্মকর্তা আবদুল মজিদ চিশতির স্ত্রী সুলতানা মেহের চিশতিকে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।