
অভিবাসীদের দুঃখ-দুর্দশা কমিয়ে তাঁদের মর্যাদা সুনিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু ২০১৭ সালে জিএফএমডি বৈশ্বিক পর্যালোচনায় প্রবেশ করছে, তাই আমাদের অবশ্যই অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং কাজ করতে হবে।’
তিন দিনের এ সম্মেলনে ১২৫টি দেশ, জাতিসংঘের ৩০টির বেশি সংস্থা, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, গ্লোবাল সিভিল সোসাইটি ও ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বৈশ্বিক অভিবাসন ও শরণার্থী পরিস্থিতি নিয়ে করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার কথা রয়েছে। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এ সম্মেলনের চেয়ারম্যানের পদ গ্রহণ করে।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন অভিবাসী শুধু একজন শ্রমিক নন। প্রত্যেক অভিবাসীর বলার মতো একটি অসাধারণ গল্প আছে। একজন অভিবাসী যখন তাঁর পরিবার ও দেশ ত্যাগ করেন, তখন তাঁকে অনেক কিছু বিসর্জন দিতে হয়। তাঁরা তাঁদের উদ্ভাবনী শক্তি, শ্রম ও সম্পদ ব্যবহারের মাধ্যমে স্বাগতিক দেশের সমাজের উন্নয়নে অবদান রেখে থাকেন। তাঁরা জীবনের সবচেয়ে মূল্যবান সময় অন্যের জন্য ব্যয় করেন। আমরা অনেক সময় তাঁদের মানবিক বিষয়গুলো ও মানুষ হিসেবে ন্যূনতম অধিকারগুলোর প্রতি অবজ্ঞা দেখাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অভিবাসন আর কোনোভাবেই “আমাদের” ও “তাঁদের” মধ্যকার বিষয় নয়। এটা সব মানুষের এবং সব রাষ্ট্রের সমৃদ্ধি ও কল্যাণ-সম্পর্কিত বিষয়। প্রত্যেক অভিবাসী যাতে মর্যাদা পান এবং নিরাপদে চলাফেরা ও কাজ করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। যেকোনো পরিস্থিতিতে তাঁদের অধিকার যাতে সুরক্ষা পায়, সেই ব্যবস্থা করতে হবে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে আমরা এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ শুধু কাজের জন্য নয়, নানা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করে। বিশ্বায়নের এ যুগে বিপুলসংখ্যক মানুষের বিচরণ অব্যাহত থাকবে। তাই মানুষের এ চলাফেরা আমরা কীভাবে আরও নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল করতে পারি সেটাই আমাদের সামনে চ্যালেঞ্জ।’
অভিবাসনকে এক জটিল মানবিক বিষয় আখ্যায়িত করে প্রধানমন্ত্রী আরও বলেন, অভিবাসন ও অভিবাসীকে ভয় পাওয়ার বা তাঁদের এড়ানোর কোনো কারণ নেই। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে অভিবাসী ও উদ্বাস্তুসংক্রান্ত একটি ব্যাপকভিত্তিক বৈশ্বিক চুক্তি বা কমপ্যাক্টে উপনীত হওয়ার জন্য কাজ করছি; যাতে তা ২০১৮ সাল নাগাদ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত হয়।’
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অধিবেশনে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়সম্পর্কিত আন্ডার সেক্রেটারি জেনারেল উ হংবো, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার, ইউএন উইমেনের ইন্টার গভর্নমেন্টাল সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ-বিষয়ক জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল লক্ষ্মী পুরী, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ প্রতিনিধি ফ্রাংকোয়িস ফৌনাট প্রমুখ বক্তৃতা করেন।
আগামী ১ জানুয়ারি জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আন্তোনিও গুতেরেসের একটি ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রচারিত হয় এবং জিএফএমডি সিভিল সোসাইটি ডেইজের (সিএসডি) সভাপতি কলিন রাজা জিএফএমডি ২০১৬ সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।