অভিবাসীদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করুন: নুরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ একটি হোটেলে আয়োজিত ‘কলম্বো প্রসেস’-এর মন্ত্রী পর্যায়ের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ একটি হোটেলে আয়োজিত ‘কলম্বো প্রসেস’-এর মন্ত্রী পর্যায়ের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভিবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। 

আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একটি হোটেলে আয়োজিত ‘কলম্বো প্রসেস’-এর মন্ত্রী পর্যায়ের পঞ্চম সম্মেলন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ের সব অভিবাসীর জন্য নুরুল ইসলাম এ আহ্বান জানান। প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে থাকা প্রতিনিধিরা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
সভায় নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার নিরাপদ অভিবাসন ও অভিবাসন-ব্যয় কমানোর জন্য কাজ করছে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন মন্ত্রী।
বিদেশে শ্রমিক প্রেরণকারী এশিয়ার ১১টি দেশ অভিবাসীদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে কলম্বো প্রসেস নামের এই জোট গঠন করেছে। ২০০৩ সালে কলম্বোয় প্রথম এই বৈঠক হয়।
কলম্বো প্রসেসের বর্তমান চেয়ারম্যান ও শ্রীলঙ্কার বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী থালাথা আথুকোরলে এবারের বৈঠকে সভাপতিত্ব করছেন। আফগানিস্তান, বাংলাদেশ, চীন, নেপাল, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ভিয়েতনাম, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের শ্রমমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
এবারের সম্মেলনে অভিবাসী কর্মীদের স্বার্থরক্ষা ও তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ‘কলম্বো ঘোষণা’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবারের ঘোষণায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, প্রাক্‌-বহির্গমন ব্রিফিং, শ্রমবাজার গবেষণা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নৈতিক নিয়োগ পদ্ধতি—এই পাঁচটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
কলম্বো প্রসেসের পঞ্চম মন্ত্রী পর্যায়ের এই সভায় যোগ দিতে ২৩ আগস্ট কলম্বো যান মন্ত্রী। আগামীকাল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।