অভিবাসীদের নিয়ে রাজনীতি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে সেখানকার অভিবাসীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা এ দেশেই থাকবেন ও অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবেন।
গত শুক্রবার বিকেলে নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ওই বিক্ষোভ-সমাবেশ হয়। এ সময় বক্তারা আরও বলেন, একজন অভিবাসীকেও ফেরত পাঠানো যাবে না। অভিবাসীদের শেকড় ছড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের সমাজ ও অর্থনীতিতে। তাই তাঁদের প্রতি যেকোনো বৈরী আচরণের বিরুদ্ধে তাঁরা সোচ্চার থাকবেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন পরিকল্পনা আটকে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী। বৈধতার কাগজপত্রহীন ব্যক্তিদের পাশে থাকার ঘোষণা দিতে রাস্তায় নেমেছে দক্ষিণ এশীয় অভিবাসীদের অধিকার সংরক্ষণকারী সংগঠন ড্রাম। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এর সংগঠক ও কর্মী এবং অন্যান্য নাগরিক অধিকার আন্দোলনের নেতারা শুক্রবারের সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, ওবামার নির্বাহী আদেশ কোনো এক সকালে হঠাৎ করে সই হয়নি। এ জন্য তাঁদের সংগ্রাম করতে হয়েছে। এই সংগ্রামের ধারাবাহিকতায় আবারও মাঠে নেমেছেন তাঁরা। এর লক্ষ্য—একজন ‘অনিবন্ধিত’ অভিবাসীকেও যেন দেশে ফেরত পাঠানো না হয়। যদি কাউকে বিতাড়ন করা হয়, তবে তাঁরা তাঁর পাশে থাকবেন। তাঁর পক্ষে লড়বেন।
সমাবেশে ড্রামের পরিচালক ঋষি সিংহ বলেন, ৫০ লাখ অনিবন্ধিত অভিবাসীর কথা বলা হলেও প্রকৃতপক্ষে এই সংখ্যা এক কোটি ১০ লাখ। তাঁরা এখন যুক্তরাষ্ট্রে রাজনীতির শিকার হচ্ছেন। তাঁদের কারও কারও সন্তান এখানকার নাগরিক। কারও বা স্ত্রী নাগরিক। তাই তাঁদের ফেরত পাঠানো যাবে না।
এই সংগঠনের অপর পরিচালক কাজী ফৌজিয়া বলেন, অভিবাসন পরিকল্পনা আটকে দেওয়ার যে ঘটনাটি ঘটেছে, তা দুঃখজনক। বর্তমান প্রশাসন গেল সাত বছরে অন্তত ৩০ লাখ লোককে জোর করে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়েছে। অভিবাসীরা তাঁদের ঘরবাড়িতে তল্লাশি, জেলখানায় যাওয়া ও বিতাড়িত হওয়ার আতঙ্কে আছেন। চলতি সংকটের সুরাহার বিষয়টি পরবর্তী প্রেসিডেন্টের জন্য রেখে দেওয়ার বিষয়টি হবে ওবামার জন্য হঠকারী এক সিদ্ধান্ত।
অভিবাসীদের জন্য কাজ করা ইমিগ্রেশন অ্যাটর্নি মিশাল বলেন, ‘আমি আনডকুমেন্টেডদের পক্ষে যে লড়াই শুরু করেছিলাম, তা অব্যাহত রাখব। অভিবাসন বিষয়ে আইনের যে অস্পষ্টতা আছে, তা যাতে স্বচ্ছ হয় ও আনডকুমেন্টেডদের অধিকার সংরক্ষিত হয় সে লক্ষ্যে কাজ করে যাব।’
প্রতিবাদ সমাবেশে নাদিরা নামের একজন অভিবাসী তাঁর জীবনের কষ্টের কথা তুলে ধরেন। বলেন, ‘আমি ও আমার দুই সন্তান এখানকার নাগরিক। কিন্তু আমার স্বামীর বৈধ কাগজপত্র নেই। তাঁকে ফেরত পাঠালে আমাদের কী হবে? আমার মতো হাজারো পরিবার আছে, যাদের একই অবস্থা।’
লাখো অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বন্ধ করতে প্রেসিডেন্ট ওবামা পদক্ষেপ গ্রহণ করেছিলেন বেশ আগেই। নির্বাহী আদেশ দিয়ে এই অভিবাসীদের প্রতি নানা ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু অভিবাসন নীতি পরিবর্তনে তাঁর পরিকল্পনাকে গত বৃহস্পতিবার আটকে দিয়েছেন সুপ্রিম কোর্ট। ওবামার পরিকল্পনার পক্ষে-বিপক্ষে চারজন করে বিচারপতি রায় দেন। ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে নিম্ন আদালতের দেওয়া রায়ই বহাল থাকে। এই রায়ে হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ওবামা। বলেছেন, রায়টি যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ অভিবাসীর জন্য ‘হৃদয়বিদারক’। অভিবাসীরা এখানে তাঁদের স্থান করে নিয়েছিলেন।
২০১৪ সালে ওবামা নির্বাহী ক্ষমতাবলে অভিবাসন নীতিতে পরিবর্তন আনেন। এতে করে কয়েক লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। কংগ্রেসকে পাশ কাটিয়ে তিনি ওই নির্বাহী আদেশ জারি করেছিলেন।