দারিদ্র্য, অশিক্ষা ও সচেতনতার অভাবে মানুষ অবৈধভাবে সাগরপথে বিদেশে যায়। অভিবাসীদের ৫২ শতাংশ বিদেশে গেছেন দালালের মাধ্যমে। এভাবে বিদেশে যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই জমি বিক্রি করে বিদেশ যান বলে মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ‘সমুদ্রপথে অবৈধভাবে অভিবাসনের কারণ, ধরন এবং উত্তরণের পথ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১৮ থেকে ৩১ বছর বয়সী অবৈধভাবে বিদেশে যাওয়া ব্যক্তিদের ৯৮ শতাংশের বেশি পুরুষ। অবৈধভাবে বিদেশ যাওয়া ব্যক্তিদের প্রায় ৩৪ শতাংশ গিয়েছেন জমি বিক্রি করে। এঁদের ৩৬ শতাংশ প্রাথমিক পর্যন্ত পড়েছেন।
গবেষণায় কুমিল্লা, কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার অভিবাসীদের নিয়ে কাজ করা হয়েছে। এই অভিবাসীদের ৩৩ শতাংশের বেশি বিদেশ গিয়েছেন অবৈধভাবে। অবৈধভাবে বিদেশে যাওয়ার হার সিরাজগঞ্জ জেলায় বেশি—৪৯ শতাংশ। বিদেশে যাওয়া অভিবাসীদের ৫২ শতাংশ গিয়েছেন দালালের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নিরাপদ ও সঠিক অভিবাসন বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবৈধ অভিবাসন প্রতিরোধে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া অভিবাসীদের স্বার্থরক্ষার প্রতিষ্ঠান জিএফএমডির এবারের সভাপতি বাংলাদেশ। আগামী ডিসেম্বরে নবম সম্মেলনের মাধ্যমে জার্মানিকে সভাপতিত্ব দেওয়া হবে। জার্মানির কাছে আরও বেশি সাহায্য-সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শাহরিয়ার আলম বলেন, ‘লিবিয়া থেকে আমাদের কাছে বৈধভাবে ভিসা এসেছে। কিন্তু নিরাপত্তার কথা ভেবে লিবিয়া আর ইরাকে আমাদের ভাইবোনদের বৈধভাবে পাঠানো হয়নি। তবে অনেকে অবৈধভাবে লিবিয়া ও ইরাকে গেছেন।’
বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান বলেন, সাম্প্রতিক কিছু কিছু ঘটনা ঘটেছে, যা বিব্রতকর। এসব ঘটনা বন্ধে কাজ চলছে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত।
প্রতিবেদনের ওপর আলোচনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগী সংগঠক তাসনীম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।