পৃথিবীর প্রত্যেক অভিবাসীর সব অধিকার নিশ্চিত করা জরুরি। তা করতে হলে একটি কার্যকর বৈশ্বিক সুশাসন-প্রক্রিয়া গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) উদ্বোধনী অধিবেশন ও প্রথম দিনের এক কর্ম-অধিবেশনে বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন।
তিন দিনের এই সম্মেলনের প্রথম দিনে কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা কথা বলেন। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জিএফএমডি-২০১৬ শুরু হয়েছে।
এবারের জিএফএমডির প্রতিপাদ্য ‘মাইগ্রেশন দ্যাট ওয়ার্কস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর অল: টুওয়ার্ডস আ ট্রান্সফরমেটিভ মাইগ্রেশন এজেন্ডা।’
উদ্বোধনী অধিবেশনে পাঠানো ভিডিও বার্তায় জাতিসংঘের নবনির্বাচিত মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অভিবাসন একটি বিকল্প, প্রয়োজন নয়। হতাশা নয়, উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় মানুষ অভিবাসনের সিদ্ধান্ত নেয়। আজকের দিনে সমাজ যখন ব্যাপক পরিসরে নানা জাতি, সংস্কৃতি ও ধর্মের মেলবন্ধনে গড়ে উঠছে, এ বিষয়ে ধারণা স্পষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের প্রায় ১০ লাখ অভিবাসী রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তাই নারী, পুরুষসহ সব অভিবাসী শ্রমিকের মর্যাদা সমুন্নত রাখতে হবে।
উদ্বোধনী বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) অভিবাসন যুক্ত হওয়ায় অভিবাসনের ক্ষেত্রে সুশাসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, অভিবাসী শ্রমিকেরা নিজেদের দেশে এবং যে দেশে কাজ করছেন দুই জায়গাতেই অবদান রাখছেন।
অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি উপমহাসচিব উ হংবো, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার, ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক লক্ষ্মী পুরি, জিএফএমডির ব্যবসায়ী প্রক্রিয়ার সমন্বয়কারী লিন্ডা ক্রমজং।
‘টাইম টু অ্যাক্ট-কমপ্যাক্ট ফর গভর্ন্যান্স অব মাইগ্রেশন’ শীর্ষক জিএফএমডির প্রথম কর্ম-অধিবেশনে প্রস্তাবিত কমপ্যাক্টের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করে প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রাসোঁয়া ফুইনেট। স্বাগত বক্তৃতা দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থানসচিব বেগম শাসসুন্নাহার। আরও বক্তব্য দেন, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদমন্ত্রী সাকর ঘুবাশ, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি, জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান রিচার্ড।