অভিবাসী-সংকট নিয়ে থাইল্যান্ডে সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে অবৈধ অভিবাসী সমস্যা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে থাইল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দন প্রামুদুইনাই গতকাল শুক্রবার বলেন, এ সমস্যা সহজে দূর হবে না। তাই এটি মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর চেষ্টা দ্বিগুণ করতে হবে। খবর এএফপির। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা অভিবাসন সমস্যা নিয়ে আলোচনার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল এক সম্মেলনে যোগ দেন। মানব পাচারকারীদের বিরুদ্ধে থাই কর্তৃপক্ষ ছয় মাস আগে অভিযান চালায়। মিয়ানমার ও বাংলাদেশ থেকে হাজারো অভিবাসী ওই পাচারকারী চক্রের কবলে পড়ে। থাই, ইন্দোনেশীয় ও মালয়েশীয় কর্তৃপক্ষ অভিবাসনপ্রত্যাশী হাজারো ভাসমান মানুষকে উদ্ধার করে। তাদের অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়। একই অভিযানে থাই বাহিনী মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি অরণ্যে বিভিন্ন বন্দিশিবির থেকে বেশ কয়েকটি কঙ্কাল উদ্ধার করে। এতে মিয়ানমার ও বাংলাদেশ থেকে ভারত মহাসাগরের নৌপথে মানব পাচারের ভয়াবহ চিত্র ফুটে ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে থাই কর্তৃপক্ষ বহু মানুষকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তারা রয়েছেন।

ব্যাংককে আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে থাই পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, বর্ষা মৌসুম শেষে ভারত মহাসাগরে মানব পাচারকারীদের তৎপরতা শিগগিরই আবার বাড়তে পারে। টেকসই সমাধানের লক্ষ্যে সত্যিকারের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করতে হবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়িত রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের লোকজন পালিয়ে অন্যান্য দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। আর বাংলাদেশের দরিদ্র মানুষ উন্নত জীবিকার আশায় অবৈধ পথে অন্যান্য দেশে অভিবাসী হওয়ার চেষ্টা করে।

বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাতায়াতকারী অবৈধ অভিবাসীদের পর্যবেক্ষণকারী আরাকান প্রজেক্টের প্রতিনিধি ক্রিস লেউয়া এএফপিকে বলেন, গত বছরের অক্টোবরে প্রায় ১৩ হাজার মানুষ ওই নৌপথে দেশ ছেড়েছিল। আর এই অক্টোবরে পাঁচটি নৌকায় করে মাত্র ৮০০ জন ওই অবৈধ পথে যাত্রা করেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মানব পাচারকারীদের খোঁজে পুলিশি তল্লাশি চলছে। পরিস্থিতি এখন বদলে গেছে। নৌকাগুলো এখন আর থাইল্যান্ডের সমুদ্রসীমার ওপর দিয়ে যাচ্ছে না। সম্ভবত সেগুলো সরাসরি মালয়েশিয়ায় যাচ্ছে।