অভিভাবক ও কমিটির সদস্যদের ভূমিকাও গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকেও ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মায়েরা সচেতন হলে বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে। একই সঙ্গে বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এ সভা হয়। এতে উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিও প্রধান শিক্ষকেরা অংশ নেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক পটিয়ার সদস্য সহকারী অধ্যাপক অজিত কুমার মিত্র। টিআইবি পটিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক এ জি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোতাহের বিল্লাহ। বক্তব্য দেন সনাক সদস্য আইনজীবী শেখর নাথ, কাজী মো. আবদুর কাদের, মো. আবদুল খালেক, সাংবাদিক আবদুর রাজ্জাক প্রমুখ।
সভা শেষে ইয়েস গণনাট্যদলের দুর্নীতিবিরোধী নাটক তথ্যই শক্তি প্রদর্শন করা হয়।