অভিভাবক নেই কুমিল্লার ২০১সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, প্রধান শিক্ষক ছাড়াই চলছে কুমিল্লা জেলার ২০১টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দেখা দিচ্ছে নানা ধরনের জটিলতা। ওই সব প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় গতি কমে যাচ্ছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘সারা দেশেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বেশির ভাগ পদ শূন্য। এ অবস্থায় কোথাও সহকারী প্রধান শিক্ষক আবার কোথাও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা দায়িত্ব পালন করছেন। সরকার লোক নিয়োগ দিলেই কিংবা পদোন্নতি দিলে আমরা শূন্যপদ পূরণ করতে পারি।’জানা গেছে, কুমিল্লার ১০টি সরকারি কলেজের মধ্যে তিনটি কলেজে অধ্যক্ষের পদ শূন্য। নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে আটটিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এক হাজার ৩৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। তা ছাড়া আটটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দুটিতে অধ্যক্ষ নেই।অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল মতিন অবসরে গেছেন গত ১ মার্চ। বর্তমানে উপাধ্যক্ষ আবু জাফর সালেহ আহমদ খন্দকার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনিও দাপ্তরিক কাজে বা ছুটিতে গেলে দায়িত্ব পালন করেন বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকেরা। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী আবু তাহের গত ৩০ মার্চ অবসরে গেছেন। তাঁর স্থলে উপাধ্যক্ষ ইন্দ্রভূষণ ভৌমিক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ আলী আজম গত ১৩ মার্চ অবসরে গেছেন। তাঁর জায়গায় প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিবতোষ নাথ দায়িত্ব পালন করছেন। ওই কলেজে উপাধ্যক্ষের কোনো পদ নেই।কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মতিউর রহমান অবসরে গেছেন গত ২৮ ফেব্রুয়ারি। বর্তমানে ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ খালেদা আক্তার খানম। ২০০৯ সালের ২৩ অক্টোবর কুমিল্লা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ হারুনুর রশিদ বদলি হওয়ার পর সেখানে উপাধ্যক্ষ মো. আইনুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা বেগম ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি বদলি হন। তাঁর জায়গায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। দীর্ঘ দুই বছরেও সেখানে প্রধান শিক্ষকের পদ পূরণ হয়নি।কুমিল্লার সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক কাউছারা বেগম ২০০৯ সালের ১২ আগস্ট অবসরে যান। ওই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণপাড়ার ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ে ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক নেই। বুড়িচং আনন্দ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই ২০১০ সালের ২৪ মার্চ থেকে। সেখানে সহকারী প্রধান শিক্ষকেরও কোনো পদ নেই। তা ছাড়া প্রধান শিক্ষক নেই বরুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুরাদনগর ডিআর সরকারি উচ্চবিদ্যালয়, হোমনা সরকারি বালক উচ্চবিদ্যালয় ও দাউদকান্দির বেগম আমিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে।এদিকে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরের সহকারী মনিটরিং কর্মকর্তা সৈয়দ আবদুল মোতালেব জানান, জেলার এক হাজার ৩৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮৮টিতে প্রধান শিক্ষক নেই। নেই সহকারী শিক্ষকের ৫১৫টি পদও। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, ‘শূন্যপদগুলো পূরণ হওয়ার প্রক্রিয়াধীন। তখন সংকট কমে যাবে।’ শিক্ষাবিদ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী বলেন, ‘যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদগুলো শূন্য থাকলে ওই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় গতি কমে যায়। পদগুলো খালি হওয়ার সঙ্গে সঙ্গে পূরণ হওয়া দরকার।’জেলা প্রশাসক আবদুল মালেক বলেন, ‘সরকার পর্যায়ক্রমে শূন্যপদগুলো পূরণ করবে। সে লক্ষ্যে প্রক্রিয়াও শুরু হয়েছে।’