গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর উচ্চবিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণকালে ব্যালট ও ভোটার তালিকা ছিনতাইয়ের প্রতিবাদে গত শনিবার মানববন্ধন হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকদের একটি অংশ ও এলাকাবাসী অংশ নেন।এলাকাবাসীর অনেকে জানান, ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দা, লাঠি নিয়ে ২০-২৫ জন দুষ্কৃতকারী বিদ্যালয়ের ভোটকক্ষে ঢুকে ব্যালট ও ভোটার তালিকা ছিনতাই করে। পরে সাতখামাইর গ্রামের ফজলুল হক ও নির্বাচনে অংশ নেওয়া দুর্লভপুর গ্রামের শাহজাহানের পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় সাতখামাইরের দুর্লভপুর বাজারের পারফেক্ট ডিজিটাল স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ভোটারদের ভোটদানের মাধ্যমে চারজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু দুষ্কৃতকারীদের হামলায় নির্বাচন পণ্ড হয়ে যায়।দুর্লভপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বজলুর রহমান বলেন, বাজারের একটি দোকানে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে পরদিন ১২ সেপ্টেম্বর তাঁরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ১৮ জনের নাম উল্ল্লেখসহ ৬০ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন।