বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। তা ছাড়া বিদ্যালয়ের চারপাশে নজরদারি করতে বসানো হয়েছে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। ওই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে স্থাপিত যন্ত্রে পরিচয়পত্র পাঞ্চ করে ঢুকবে, আবার একইভাবে বিদ্যালয় থেকে বেরোবে। ওই সময় অভিভাবকদের মুঠোফোনে তাঁর সন্তানের বিদ্যালয়ে আসা ও যাওয়ার তথ্য খুদে বার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। অভিভাবকেরা তাঁর সন্তানদের বেতন পরিশোধের তথ্যসহ মাসিক, সাময়িক ও বার্ষিক পরীক্ষার ফলাফলও পেয়ে যাবেন মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে।
২১ জুন সিসি ক্যামেরা স্থাপন ও ডিজিটাল পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রূপ কুমার নন্দী, আজম খান, সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাজাত নাদিয়া প্রমুখ।