অভিভাবকদের অসচেতনতার কারণে...
বাড়ির পাশে দা নিয়ে খেলছিল দুই বছর বয়সের দুটি শিশু। একপর্যায়ে একটি শিশু হূদয় নামের অপর শিশুর ডান হাতে ওই দা দিয়ে কোপ মারে। এতে তার তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। হূদয়কে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার ব্যাঙডুবি গ্রামে। শিশুর মা অনুশোচনা করে বলেন, ‘হাতে দা না দিলে ওর জীবনে এমন বিপর্যয় ঘটত না।’ আর উপজেলার মাদারগঞ্জ গ্রামের মোবারক হোসেনের দুই বছর বয়সের শিশু ময়ূরী গত শনিবার বাড়িতে খেলার সময় হাতঘড়িতে ব্যবহূত একটি পরিত্যক্ত ব্যাটারি নাকের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর ব্যথায় কান্নাকাটি করতে থাকে। বিষয়টি বুঝতে পারেননি শিশুর মা-বাবা। তাঁরা শিশুটিকে স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল বাকীর কাছে নিয়ে গেলে তিনি পেটব্যথার ওষুধ দেন। কিন্তু রাতে শিশুর শ্বাসকষ্ট শুরু হয় এবং নাক দিয়ে রক্ত পড়ে। অভিভাবকেরা আশঙ্কা করেন, শিশুটির নাকে হয়তো কিছু একটা ঢুকেছে। এ অবস্থায় পরদিন আবার শিশুটিকে ওই পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি কিছু ওষুধ দেন এবং বলেন, এগুলো খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। এরপর শ্বাসকষ্ট চরমে উঠলে গতকাল সোমবার দুপুরে শিশুটিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাহবুব সমস্যা বুঝতে পেরে কৌশলে শিশুর নাক থেকে ওই ব্যাটারি বের করেন। বর্তমানে শিশুটি সুস্থ আছে।চিকিৎসক আবদুল্লাহ আল মাহবুব বলেন, দুটি ঘটনাই অভিভাবকদের অসচেতনতা প্রমাণ করে। শিশুদের বিষয়ে একটু সচেতন থাকলেই এমন কঠিন সমস্যা এড়ানো সম্ভব।