অভিভাবকদের আতঙ্ক মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর রেলস্টেশন ঘেঁষে বেড়ে ওঠা জনপদ আশকোনায় সহজলভ্য বস্তু মাদক। সন্ধ্যা নামলেই এলাকার বিভিন্ন জায়গায় বসে মাদকের আড্ডা। সহজলভ্যতার কারণে তাঁদের সন্তানেরা কখন মাদকের দিকে ঝুঁকে পড়ে, সারাক্ষণ সেই আশঙ্কায় থাকেন অভিভাবকেরা।
গত দুই দিন ওই এলাকার অন্তত ২০ জন অভিভাবকের সঙ্গে কথা বললে প্রায় সবাই এই আশঙ্কার কথা জানান।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বলছেন, এয়ারপোর্ট রেলস্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা মাদকের চক্রটিই এই এলাকায় মূলত মাদক সরবরাহ করে। তাঁদের অভিযোগ, পুলিশ মাঝেমধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করলেও কয়েক দিন পরই তারা বেরিয়ে এসে আবার ব্যবসা শুরু করে। ফলে মাদক পরিস্থিতির কোনো উন্নতি নেই। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিমানবন্দর রেলস্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনের অধিকাংশই থামে। স্টেশনটি শহরে ঢোকার ঠিক আগেই হওয়ায় মাদক ব্যবসায়ীরা এখানে মাদকের চালান নামায়। তারপর এখান থেকে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় মাদক। আর এলাকার একটি চক্র ওই ব্যবসায়ীদের কাছ থেকে সুলভে গাঁজা আর ইয়াবার চালান নিয়ে এলাকার উঠতি যুবকদের কাছে বিক্রি করছে।
এলাকার বাসিন্দা শুকুর আলী প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পরপরই উঠতি বয়সী তরুণেরা বেশ কয়েকটি স্থানে মাদকের আড্ডা বসায়। দিন দিন তাদের সংখ্যা বাড়ছে। প্রায় সময়ই তাদের আচরণ সহ্যসীমা ছাড়িয়ে যায়।
জাহাঙ্গীর আলম নামের এক অভিভাবক বলেন, ‘আমরা খুবই দুশ্চিন্তায় আছি। প্রতিদিনই শুনছি কারও না কারও ছেলে মাদকে আসক্ত হয়ে পড়ছে। নিজেদের সন্তানদের নিয়ে আমরা খুবই শঙ্কিত।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, নানা সময়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এরপর পুলিশও দেখা যায় দু-চারজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। কিন্তু কয়েক দিন পরই জেল থেকে বেরিয়ে এসে তারা আবারও ব্যবসা শুরু করে।
মাদকের বিষয়টি স্বীকার করে আশকোনার ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, মাদকের উৎপাত রয়েছে। সারা দেশের সঙ্গে সঙ্গে এখানেও বাড়ছে। এটা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ রোকোনুজ্জামান প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসায়ীদের উৎপাত আগের চেয়ে কিছুটা কমেছে। গত মাসেও ১৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোর্সদের এ বিষয়ে নিয়মিত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।