অভিভাবকদের কর্মসূচিতে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেতন–ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে অভিভাবকেরা মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি দিতে গেলে পুলিশ অভিভাবকদের বাধা দেয়, এমনকি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে।
গতকাল দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লার নগর ভবনের প্রধান ফটকের সামনে এসব ঘটনা ঘটে। তবে মেয়র আ জ ম নাছির উদ্দীন তখন নগর ভবনে ছিলেন না। এ ঘটনার প্রতিবাদে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অভিভাবকেরা। লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক শিখা দেবী। সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে পুলিশি বাধা এবং বেতন–ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে কাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিভাবকেরা বলেন, তাঁরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মেয়রকে স্মারকলিপি দিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনে যান। সেখানে আধা ঘণ্টা অবস্থান করার পর বেলা একটার দিকে পুলিশ কোনো কারণ ছাড়াই অভিভাবকদের প্রধান ফটকের সামনে থেকে সরিয়ে দেয়। পাশের ফুটপাতে যেতে চাইলে সেখান থেকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। পরে অভিভাবকেরা আন্দরকিল্লা মোড়ের একটি বিপণিবিতানের নিচে অবস্থান নেন। বেলা পৌনে দুইটার দিকে অভিভাবকদের কয়েকজন নগর ভবনের প্রধান ফটকে আসেন। সেখানে সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন অভিভাবকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।