অভিভাবকদের কাছে সৃষ্টিশীল কাজের জায়গা তৈরির দাবি
সৃষ্টিশীল কাজের উন্মুক্ত জায়গা তৈরির পথে সব বাধা দূর করতে ঘুমন্ত অভিভাবকদের জেগে ওঠার দাবি জানিয়েছে শিশুরা। শিশুরা জানাল, তারা সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে চায়। তারা সুন্দর আগামীর স্বপ্ন দেখতে চায়। স্বপ্নপূরণের পথ দেখতে চায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে শিশু ও অভিভাবকদের এক মতবিনিময় সভায় এ রকমই আকাঙ্ক্ষার কথা জানাল একদল শিশু। ‘স্বপ্ন প্রজন্ম গড়ে তুলতে আলোকিত উঠোন চাই’ স্লোগান নিয়ে কিছু তরুণের উদ্যোগে গড়ে তোলা স্বপ্ন প্রজন্ম নামের একটি সংগঠন এ মতবিনিময় সভার আয়োজন করে।লোকগবেষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুশিপ্তা দাস। সে তার বক্তব্যে বলে, শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটুখানি প্রকৃতির সান্নিধ্যে যেতে মৌলভীবাজার জেলায় কোনো শিশুপার্ক নেই। পাঁচ শতাধিক শিশু-কিশোর বিভিন্ন সাংস্কৃতিক ও কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে শিশু একাডেমীতে। কিন্তু শিশু একাডেমীর নিজস্ব ভবন নেই। ভাড়া করা ভবনে শিশুদের স্থান সংকুলান হয় না। শিশুদের জন্য পৃথক কোনো পাঠাগার নেই। তাই শিশুপার্ক, শিশু একাডেমীর নিজস্ব ভবন ও শিশু পাঠাগার নির্মাণ, শিশুদের জন্য সুস্থ পরিবেশ তৈরি, ভেজালমুক্ত শিশুখাদ্য নিশ্চিত করা, শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মুক্তচিন্তার ক্ষেত্র প্রস্তুত এবং সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের মেধার মূল্যায়ন করা, শিশুদের জন্য শিক্ষার সব দ্বার উন্মোচনে সহায়তা করার দাবি জানানো হয়েছে তার লিখিত বক্তব্যে।এ ছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখে দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী পারভিন আনোয়ার রিশতা, একই বিদ্যালয় ও শ্রেণীর ছাত্র নূর মোহাম্মদ আবু সায়েম অন্তর, সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহফুজ আলম প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন লেখক স্বপন নাথ, পৌর কাউন্সিলর পুষ্পিতা দেব চম্পা, রাজনগর মহিলা কলেজের অধ্যাপিকা বিলকিস বেগম, শিক্ষানুরাগী হাসান আহমদ জাবেদ, নাট্যকর্মী আবদুল মতিন, কাউন্সিলর নাহিদ হোসেন প্রমুখ।স্বপন নাথ বলেন, পরিবার থেকে শিশুদের সৃষ্টিশীল কার্যক্রমে উৎসাহিত করতে হবে। তাকে ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝাতে হবে। তার মধ্যে মানবিক বোধ জাগিয়ে তুলতে হবে। কিন্তু যদি তা না করা হয়, তাহলে একদিন এই শিশুরাই সন্ত্রাসী হয়ে উঠবে। নদী দখল, মাঠ দখল, টেন্ডারবাজি, জায়গা দখলের মতো কাজে জড়িয়ে পড়বে।স্বপ্ন প্রজন্মের অন্যতম উদ্যোক্তা নাসির জামান বলেন, আগামীতে শিশুপার্কসহ অন্যান্য দাবি পূরণের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে বিভিন্ন রকমের সৃজনশীল কর্মসূচি পালন করা হবে।