
ফার্মগেটে অবস্থিত তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দেয়ালঘেঁষা ছাউনিটির বসার জায়গা ভাঙাচোরা। ছাউনির টিনে জং ধরে ভেঙে গেছে। বেরিয়ে পড়েছে ছাউনির কাঠামো। আর বাকি থাকে কী? ভবঘুরেদের আড্ডা। সেটাই এখন বড় সমস্যা।
ফার্মগেটে মূল সড়কের পাশেই বিদ্যালয়টির অবস্থান। কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়টির ভেতরে তাঁদের বসার জন্য জায়গা নেই। আর বাইরের এই ছাউনিতে বসার মতো অবস্থা নেই। আবার বেশির ভাগ অভিভাবক জানেনই না এটি তাঁদের বসার জন্য তৈরি করা হয়েছে।
এই বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে শওকত জাহানের মেয়ে তাসনিম রহমান। শওকত জাহান বলেন, ‘সারা দিনই ছাউনির মধ্যে কাউকে না কাউকে ঘুমিয়ে থাকতে দেখি। গাঁজার গন্ধে পাশ দিয়ে হাঁটা যায় না। ভয় লাগে, কখন কী হয়।’
আরেক অভিভাবক সালমা রহমান। তাঁর মেয়ে এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বাসা দূরে হওয়ায় মেয়েকে স্কুলে আনার পর ছুটি পর্যন্ত অপেক্ষা করেন। বাইরের ছাউনি বসার উপযোগী না হওয়ায় তাঁর মতো অভিভাবকদের অসুবিধা হয়। তিনি বলেন, সারা দিন ভবঘুরেরা ছাউনিতে আড্ডা দেয়। অনেকে ছাউনিতে বসে মাদক সেবন করে। এ কারণে গেটের বাইরে থাকতে নিরাপদ বোধ করেন না অভিভাবকেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা বলেন, বিদ্যালয়ের ভেতরে অভিভাবকদের বসার জায়গা নেই। এ জন্য কয়েক বছর আগে সিটি করপোরেশন স্কুলের অভিভাবকদের বসার জন্য এই ছাউনি তৈরি করে দেয়। ছাউনিতে বিদ্যালয়ের নামও লেখা ছিল। এখন এখানে বসার পরিবেশ নেই বলে অভিভাবকেরা নিরাপদ বোধ করেন না। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে যুদ্ধ করে ছাউনির সামনে ময়লা ফেলা বন্ধ করেছিলাম। এখনো মাঝেমধ্যে ময়লা ফেলা হয়। মাদকসেবীদের কারণে এ পথ দিয়ে যেতে অভিভাবক-ছাত্রীরা অস্বস্তি বোধ করে।’
প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের ফটকের কাছাকাছি ছাউনি তৈরি করা হলে এবং সিটি করপোরেশন নিয়মিত দেখাশোনা করলে অভিভাবক-ছাত্রীদের উপকার হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী এস এম অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন ছাউনিটি অনেক আগে তৈরি করেছিল। তিনি বলেন, করপোরেশনের পক্ষ থেকে সব যাত্রীছাউনি আধুনিকায়নের ব্যবস্থা করা হচ্ছে। সে অনুযায়ী নকশাও করা হচ্ছে। তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরামর্শ লিখিত আকারে সিটি করপোরেশনে দেওয়া হলে ছাউনিটি নতুন করে তৈরি করে দেওয়া হবে।