অভিভাবকদের জেল, কাজিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় মেয়ের বাবা ও ছেলের অভিভাবককে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড এবং কাজিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুরের ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুর রহমান গত সোমবার রাতে এ রায় দেন।জানা গেছে, দিনাজপুর জেলার সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের খোসালপুর গ্রামের এক কৃষকের ১৪ বছর বয়সী মেয়ের সঙ্গে একই গ্রামের মো. রিন্টুর (২০) বিয়ে ঠিক করেন ছেলের দুলাভাই আনোয়ার হোসেন। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় রিন্টু তাঁর বোন-দুলাভাইয়ের বাড়িতেই থাকতেন।দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ধনঞ্জয় কুমার দাশ জানান, সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন লোক ফোন করে তাঁকে বাল্যবিবাহের বিষয়টি জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সহকারী কমিশনার (ভূমি) এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে খোসালপুর গ্রামে মেয়ের বাড়িতে যায়। তখন সেখানে বিয়ের আয়োজন চলছিল। উভয় পরিবারের শতাধিক অতিথি বিয়েতে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে মো. আবদুর রহমান বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় মেয়ের বাবা এবং ছেলের দুলাভাই আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। আর বিয়ে নিবন্ধন করতে আসা কাজি মো. হামিদুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুর রহমান জানান, বাল্যবিবাহ নিরোধ আইনে ছেলের দুলাভাই এবং মেয়ের বাবাকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।