অভিভাবকশূন্য পাবনা আ.লীগে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপরের সারির নেতারা নিজ নিজ কাজে ব্যস্ত। দলীয় কর্মকাণ্ডে সময় দেওয়ার মতো সময় হাতে নেই পাবনা জেলা আওয়ামী লীগের নেতাদের। দীর্ঘদিন কমিটি গঠন না হওয়ায় সহযোগীসংগঠনগুলোর নেতারা স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন বলে কর্মীরা অভিযোগ করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পাল্টা অবস্থান নিয়েছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের একাংশ। নেতা-কর্মীরা কেউ কারও কথা শোনেন না বলে অভিযোগ করেছেন প্রবীণ নেতারা। তাঁদের দাবি, অভিভাবকশূন্যতায় দলে স্থবিরতা নেমে আসছে। ভঙ্গ হচ্ছে দলীয় শৃঙ্খলা। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১২ জুন জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। ছয় বছরেও সে কমিটি পরিবর্তন হয়নি। ক্ষমতায় আসার পর দলীয় অধিকাংশ ঊর্ধ্বতন নেতা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান পাবনা-৪ আসনের সাংসদ। তিনি নির্বাচনী এলাকা ঈশ্বরদী ও ঢাকায় থাকেন। সহসভাপতি মকবুল হোসেন পাবনা-৩ আসনের সাংসদ। তিনি থাকেন নির্বাচনী এলাকা ভাঙ্গুড়াতে। সাধারণ সম্পাদক শামসুল হক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে তিনিও দলের জন্য সময় দিতে পারেন না। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে পরাজিত হয়েছেন। তিনি দলের প্রতি নাখোশ। দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত আলী সরকার ২০০৯ সালে ২০ জুলাই সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হওয়ার পর থেকে দলীয় কর্মকাণ্ডে নিস্ক্রিয় হয়ে পড়েন। অপর যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদীতে থাকেন। দলীয় কর্মকাণ্ডে তাঁর কোনো ভূমিকা নেই। সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খোন্দকার পাবনা-৫ আসনের সাংসদ। তিনিও অধিকাংশ সময়ই জেলার বাইরে থাকেন। দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, ঊর্ধ্বতন নেতারা দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সময় দিতে পারেন না। ফলে দলীয় শৃঙ্খলা ভেঙে দলে স্থবিরতা নেমে এসেছে। দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেপরোয়া হয়ে পড়েছেন অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের একাংশ। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানের নেতৃত্বে তাঁরা পৃথকভাবে দলীয় কর্মকাণ্ডে পালন করছেন। গত পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাকের বিরুদ্ধে যুবলীগের প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেছেন। পরাজিত হয়েছেন দুজনই। নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক প্রবীণ নেতা বলেন, ‘যেখানে মধু আছে সেখানেই ভ্রমর থাকে। সাংসদদের আশীর্বাদ থাকলে বিভিন্ন কাজে সুবিধা পাওয়া যায়। তাই নেতা-কর্মীরা তাঁদের পিছু ছাড়েন না। অধিকাংশ নেতা-কর্মী যাঁর যাঁর সুবিধামতো জেলার সাংসদদের পিছু নিয়েছেন।’ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান বলেন, ‘জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী সাংসদদের ছত্রছায়ায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ লুটতরাজে ব্যস্ত রয়েছেন। তাঁদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় কার্যালয়ে কিছু লোক দেখানো কর্মসূচি ছাড়া তাঁরা দলীয় কোনো কর্মকাণ্ড করছেন না। তাই হাইব্রিড নেতাদের অপকর্ম থেকে দলকে বাঁচাতে আমরা মাঠে নেমেছি।’ জেলা ছাত্রলীগের বিগত কমিটির সাধারণ সম্পাদক মুস্তাক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন নেতাদের শূন্যতায় জেলা আওয়ামী লীগে স্থবিরতা সৃষ্টি হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইদুল হক বলেন, ‘অধিকাংশ ঊর্ধ্বতন নেতা বিভিন্ন বড় দায়িত্বে থাকায় এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সময় না দেওয়ায় দলে কিছুটা স্থবিরতা এসেছে। নেতা-কর্মীরা অনেকটাই স্বেচ্ছাচারী। তবে শত প্রতিকূলতার মাঝেও আমরা দলকে সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করছি। অঙ্গসংগঠনগুলোতেও পূর্ণাঙ্গ, নতুন কমিটি গঠনের কাজ চলছে।