মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গতকাল রোববার ১৮ বছরের আগে বিয়ে নয়—এমন শপথ নিয়েছেন শিশু ও অভিভাবকেরা। এ ছাড়া নড়াইল ও পিরোজপুরেও এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মেহেরপুর: সকালে মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুলের শিশুশিক্ষার্থীরা অভিভাবকসহ হাজির হয়। সেখানে ৬৫০ কন্যা শিশু ও তাদের অভিভাবকেরা ১৮ বছরের আগে কন্যা শিশুদের বিয়ে নয়—এই শপথ নেন। এ সময় উপস্থিত ৫০০ ছেলেশিশুও বাল্যবিবাহ না করার অঙ্গীকার করে।
জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি শুধু বাল্যবিবাহমুক্ত নয়, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অশিক্ষা, কুশিক্ষা, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, অপরাজনীতি ও সব পঙ্কিলতামুক্ত দেশ গড়তে উপস্থিত সবাইকে শপথ পড়ান।
এতে সভাপতিত্ব করেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম মেহেরপুরের সভাপতি সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের কান্ট্রি ডিরেক্টর মাবুদ হাসান, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান প্রমুখ।
বদিউল আলম মজুমদার দিবসটি প্রসঙ্গে বলেন, তাঁর প্রস্তাবনা অনুযায়ী ২০০০ সালে এই দিবসটি সরকার জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেয়। তখন ৩০ অক্টোবর দেশব্যাপী এ দিবসটি পালন করা হতো। দু-তিন বছর আগে জাতিসংঘ এ দিবসটি বিশ্ব কন্যা শিশু দিবস হিসেবে পালনের ঘোষণা দিলে এখন ১১ অক্টোবর এ দিবসটি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানের সমন্বয়কারী হেলাল উদ্দিন জানান, জেলায় ৭১ শতাংশ কন্যা শিশুর বাল্যবিবাহ হয়। তাই গাংনী উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়কে চিহ্নিত করে সেসব বিদ্যালয়ের কন্যা শিশুদের এই শপথের আওতায় আনা হয়েছে। অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি গ্রহণ করা হবে।
নড়াইল: জেলা প্রশাসন ও মহিলা-বিষয়ক অধিদপ্তর এ উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম নাজিম উদ্দিন, জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমান, জাতীয় মহিলা সংস্থার সভাপতি সৈয়দা জাহানারা ওয়াহিদ, প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির প্রমুখ।
সভা শেষে ৩৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ থেকে পাওয়া মোট ৬ লাখ ৯৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): দিবসটি উপলক্ষে সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
সেখানে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।