অভিভাবকহীন নবজাতকের দায়িত্ব নিলেন নার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ​কন্যাশিশুটিকে রেখে মা পালিয়ে গেছেন  l ছবি: প্রথম আলো
কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ​কন্যাশিশুটিকে রেখে মা পালিয়ে গেছেন l ছবি: প্রথম আলো

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতক (কন্যাশিশু) রেখে পালিয়েছেন মা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তিনি হাসপাতাল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে আটটায় প্রায় ২৫ বছর বয়সী এক তরুণী শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনে নার্সদের কক্ষে নিয়ে যান। এ সময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স নূরজাহান বেগমের কোলে তুলে দিয়ে বলেন, আমি বাথরুম থেকে কাপড় পাল্টিয়ে আসছি। এরপর থেকে ওই তরুণী নিখোঁজ আছেন।
সিনিয়র স্টাফ নার্স জিনাত আরা প্রথম আলোকে বলেন, ‘জন্মের ২-৩ ঘণ্টা পর নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন এক নারী। জন্মের পর নাভি কাটাসহ আনুষঙ্গিক কাজগুলো তখনো করা হয়নি। আমরা শিশুটির নাভি কেটে ও শরীর মুছে অক্সিজেন লাগিয়ে দিই। পরে তরল দুধের ব্যবস্থা করি। সবার উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে শিশুটির নাম রাখি জান্নাতুল ফেরদৌসী স্বর্ণা।’
জিনাত আরা প্রথম আলোকে আরও বলেন,‘ শিশুটি দেখে আমার খুব মায়া হওয়ায় নিজেই নেওয়ার সিদ্ধান্ত নিই। এরই মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অপর সিনিয়র নার্স সুরাইয়া আক্তার শেলী তাঁর মেয়ের জন্য ওই বাচ্চাটি নিতে আগ্রহ প্রকাশ করেন। এরই মধ্যে আরও বেশ কয়েকজন নারী বাচ্চাটি নেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন।’ পরে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শরিফুল ইসলাম পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে চিঠি দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ বলেন, একটি নবজাতক কন্যাশিশুর নাভি কাটাতে একজন মহিলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। একপর্যায়ে মহিলাটি নিখোঁজ হয়ে যান। ওই ঘটনার পর মহিলা এবং তাঁর কোনো আত্মীয়স্বজন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে খোঁজখবর না নেওয়ায়, হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা অপেক্ষা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাঁদের কাছে চিঠি লেখেন। এরই মধ্যে শিশুটি লালন-পালনের আগ্রহ প্রকাশ করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুরাইয়া আক্তার শেলী নামে একজন সিনিয়র নার্স আবেদন করেন। শিশুটির হেফাজত এবং লালন-পালনের জন্য তিনজন সাক্ষীর উপস্থিতিতে সাধারণ ডায়েরির মাধ্যমে আবেদনকারীকে বুঝিয়ে দিতে থানায় পাঠানো হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সমাজসেবা কার্যালয়ের চিঠির আলোকে থানায় জিডি করে তিনজন সাক্ষীর উপস্থিতিতে শিশুটির দেখভাল ও লালন-পালনের জন্য সুরাইয়া আক্তার শেলীকে বুঝিয়ে দেওয়া হয়।