যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শিশুবিষয়ক বিশেষ উপদেষ্টা সুসান এস জ্যাকবস বলেছেন, বাবা কিংবা মায়ের মাধ্যমে সন্তানকে অপহরণ-সংক্রান্ত ‘হেগ কনভেনশন অন দ্য সিভিল আসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড এবডাকশন’ সনদে অনুমোদন দিতে বাংলাদেশের কোনো সমস্যা নেই। বাংলাদেশ এ ব্যাপারে আগ্রহও দেখিয়েছে। কাজেই বাংলাদেশ সনদটি অনুমোদনের পদক্ষেপ নিতে পারে।গতকাল সোমবার সকালে ঢাকার আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন সুসান এস জ্যাকবস। এ সময় ঢাকার মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল জেমি ফস, আমেরিকান সেন্টারের পরিচালক ভিরাজ লাবেইলি, প্রেস সেকশন প্রধান মেরিনা ইয়াসমিন, প্রেস ও তথ্য কর্মকর্তা ক্যালি ম্যাককার্থি প্রমুখ উপস্থিত ছিলেন।জ্যাকবস বলেন, পারিবারিক কলহের কারণে স্বামী বা স্ত্রী একে অন্যকে উচিত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নিজেদের ১৬ বছরের কম বয়সী সন্তানকে জোরপূর্বক নিজের কাছে রাখার জন্য এক দেশ থেকে অন্য দেশে নিয়ে চলে যান। স্বামী ও স্ত্রী দুই দেশের নাগরিক হলেও এ সমস্যা হয়। এই পরিস্থিতিতে সন্তানকে আইনগতভাবে ফিরে পাওয়ার জন্য ওই সনদটির আশ্রয় নেওয়ার সুযোগ আছে। তবে বাংলাদেশ এখনো ১৯৮০ সালের ওই সনদটি অনুমোদন করেনি। আন্তর্জাতিক এই সনদটি অনুস্বাক্ষর ও বাস্তবায়নের মাধ্যমে আইন অনুসারে সন্তানের স্বার্থকে প্রাধান্য দিয়ে সে কার কাছে থাকবে তা নিশ্চিত করা সহজ হয়। নিজের সন্তানকে এভাবে অপহরণ বা অন্য জায়গায় নিয়ে চলে যাওয়ার কারণ প্রসঙ্গে জ্যাকবস বলেন, একসময়কার ভালোবাসার মানুষটিকে সাজা দিতেই একজন অন্যজনের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিতে চান।চার দিনের ঢাকা সফরকালে সুসান আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ওই সনদ ও তার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। কেননা, বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটেছে বা ঘটছে।জ্যাকবস ঢাকা সফরকালে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রসহ (সিআরপি) কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।