অভিভাবকেরা ছেলেমেয়েদের নিয়ে উদ্বিগ্ন, আতঙ্কিত
দৃশ্যপট বরাবরের মতোই। কেন্দ্রের ভেতরে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকেরা অপেক্ষমাণ। তবে পার্থক্য তাঁদের মানসিক অবস্থার। গভীর উদ্বেগ, অসন্তোষ আর আতঙ্ক নিয়ে অপেক্ষা করছিলেন তাঁরা। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে অপেক্ষমাণ অভিভাবকেরা জানিয়েছেন তাঁদের অসন্তোষের কথা।
পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল ২ ফেব্রুয়ারি। বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধের কারণে সেই সময় পরিবর্তন করে গতকাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু হয় সকাল নয়টায়। পরীক্ষার্থী ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে আসা অধিকাংশ অভিভাবকই বাসায় ফেরেননি। কেন্দ্রের সামনে অপেক্ষা করেছেন। রাজারবাগ মোড় থেকে শাহজাহানপুর, কমলাপুর রেলস্টেশন, নটর ডেম কলেজ মোড় হয়ে ফকিরাপুল পর্যন্ত বিশাল এলাকাটি ছুটির দিন সকালে হাজার হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবকের সমাগমে জনাকীর্ণ হয়ে ওঠে।
কথা হলো নবাবপুরের মো. সেলিম, সিদ্ধেশ্বরীর আহমেদ রতন, মালিবাগ চৌধুরীপাড়ার আমিনুল ইসলামের সঙ্গে। তাঁদের মেয়েরা ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী। ক্ষোভের সঙ্গে তাঁরা বললেন, পরীক্ষা হবে কি হবে না—এই উদ্বেগ নিয়ে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। তাদের প্রস্তুতিই নষ্ট হয়ে গেছে। দেশের ১৫ লাখ ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে এই পরীক্ষার ওপর। অথচ রজনীতিকেরা একবারও তাদের কথা চিন্তা না করে নিজেদের ক্ষমতা দখলের জন্য গোঁ ধরে থাকলেন।
ওই অভিভাবকদের একজন মন্তব্য করলেন, ‘খবরে দেখলাম, বেগম খালেদা জিয়ার নাতনিরা তাদের পরীক্ষার জন্য বাবার লাশ দাফনের পর মালয়েশিয়ায় চলে গেছে। তারা নিরাপদে পরীক্ষা দিচ্ছে। অথচ আমাদের ছেলেমেয়ের কথা নেত্রী একবারও ভাবলেন না এদের কী হবে।’
শাহজাহানপুরে রেলওয়ের মাহাবুব আলী ইনস্টিটিউট মাঠে ছোট ছোট দলে অপেক্ষা করছিলেন মহিলারা। কথা হলো এমন একটি দলের সঙ্গে। মান্ডার থেকে এসেছেন রোকেয়া শিমুল, রামপুরা থেকে মনিজা আক্তার, খিলগাঁও থেকে ইয়াসমিন আক্তার। তাঁদের কারও মেয়ে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়, কারও মেয়ে ইস্পাহানী বালিকা উচ্চবিদ্যালয়, কারও ছেলে মতিঝিল বালক বিদ্যালয়ে পড়ে। তাঁদের বক্তব্য, এসএসসিতে ভালো ফল করতে না পারলে ছেলেমেয়েরা ভালো কলেজে ভর্তি হতে পারবে না। তাদের ভবিষ্যৎ জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। রাজনীতিকেরা দেশের মানুষের কথা যদি সামান্য একটুও ভাবতেন, তবে পরীক্ষার সময় অন্তত এ ধরনের কর্মসূচি দিতেন না। তাঁরা ক্ষোভের সঙ্গে বললেন, ‘উনাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে। তাই ও লেভেল এ লেভেল পরীক্ষা হরতালের মুক্ত রেখেছেন। সাধারণ মানুষের ছেলেমেয়ের কী হলো না হলো, তাতে তাঁদের কী যায় আসে।’
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে আবদুল মতিনের মেয়ে বিয়াম মডেল স্কুলের ছাত্রী, রেড ক্রিসেন্টের কর্মকর্তা মিজানুর রহমানের ছেলে পরীক্ষা দিচ্ছে শেরেবাংলা নগর উচ্চবিদ্যালয় থেকে, উইলস লিটল ফ্লাওয়ার থেকে পরীক্ষা দিচ্ছে ব্যবসায়ী সালাহউদ্দীনের ছেলে, ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ী এইচ আর ভূইয়ার ছেলে মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্র। তাদের সবাই প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করলেন কোমলমতি শিক্ষার্থীদের এই উদ্বেগময় পরিস্থিতিতে ফেলার জন্য। তাঁরা বললেন, ছেলেমেয়েরা গত রাতেও বারবার টিভিতে ‘ব্রেকিং নিউজ’ দেখতে গেছে পরীক্ষা হবে কি হবে না—এমন কোনো ঘোষণা আসছে কি না তা দেখতে। এমন অনিশ্চিত আর উদ্বেগময় পরিস্থিতিতে পরীক্ষার জন্য মানসিক স্থিরতা থাকে না।
আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অপেক্ষমাণ পুরান ঢাকার খাজেদেওয়ান এলাকার মো. আসলামও একই কথা বলেন প্রবল অসন্তুষ্টি নিয়ে, ‘আমাগো পোলাপানেরে জিম্মি কইরা নেতা-নেত্রীরা রাজনীতি করতাছে। আমগো অবস্থা হইছে ছিল-পাটার মইদ্যে মরিচের লাহান।’ তাঁর ছেলে পড়ে ওয়েস্টিন হাইস্কুলে। কথা হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, ইউনিভার্সিটি ল্যাব স্কুলসহ এই এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ডা. পরিমল ভট্টাচার্য, রোকেয়া মাজেদ, খায়রুল ইসলামসহ অনেকের সঙ্গে। তাঁরা উদ্বেগ প্রকাশ করলেন পরীক্ষার ধারাবাহিকতা থাকবে, না আবার স্থগিত হয়ে যাবে এই নিয়ে। সব মিলিয়েই অভিভাবকেরা লাখ লাখ ছেলেমেয়ের জীবনের কথা ভেবে অন্তত নিরাপদে তাদের পরীক্ষা দিতে দেবেন এমনই আবেদন জানিয়েছেন যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষের কাছে।