চট্টগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক
অভিভাবকেরা সচেতন হলে ৮০ ভাগ মাদক নির্মূল সম্ভব
কেবল অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। সচেতনতা দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। অভিভাবকেরা সচেতন হলে ৮০ ভাগ মাদক নির্মূল সম্ভব। বাকি ২০ ভাগ পুলিশসহ অন্যান্য সংস্থা নিয়ন্ত্রণ করবে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ বলেন, বছরের শুরুতেই বাড়ির মালিকেরা ১ থেকে ২ হাজার টাকা বাসাভাড়া বাড়িয়ে দিচ্ছেন। ইচ্ছেমতো বাসাভাড়া রোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, কেউ যাতে ইচ্ছেমতো বাসাভাড়া বাড়াতে না পারে, সে জন্য জেলা প্রশাসন উদ্যোগ নেবে। তিনি বলেন, বাসাভাড়া নিয়ন্ত্রণে একটি আইন আছে। শিগগিরই এ নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, ২০১৬ সালে সারা দেশে মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি পুলিশও মাদক উদ্ধারকে মূল কাজ হিসেবে নিয়েছে। সবার সচেতনতাই পারে সমাজকে মাদকমুক্ত করতে।
যানজট সম্পর্কে জেলা পুলিশ সুপার বলেন, চট্টগ্রামে নগর ও জেলায় মিলে দেড় কোটি লোকের বাস। এখানে ট্রাক, কাভার্ড ভ্যানের জন্য কোনো স্থায়ী টার্মিনাল নেই। রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখেন চালকেরা। অনেক সময় উল্টো পথেও গাড়ি চলাচল করে। ট্রাফিক পুলিশের সংকট রয়েছে। জনবলসংকটের কারণে যানজট নিরসন বাধাগ্রস্ত হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদ, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা।