অভিমান করে ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি যেতে না পেরে খালার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সাত বছরের শিশু রহিমা আক্তার। সে যশোরের নোয়াপাড়া উপজেলার সিদ্ধিপাশা গ্রামের মো. মোশাররফ হোসেনের মেয়ে। ঘটনাটি গতকাল সোমবার ঢাকার আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকায় ঘটে। আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্য গাজীরচটের কাশেম ভূঁইয়ার বাড়ির ভাড়াটে মো. সেকান্দার আলী মাস খানেক আগে শ্যালিকার মেয়ে রহিমাকে গাজীরচটে নিজ বাসায় নিয়ে আসেন। গতকাল সকালে সেকান্দারের স্ত্রী গ্রামের বাড়ি যশোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রহিমাও বাড়ি যাওয়ার বায়না ধরে। কিন্তু খালা তাকে রেখেই যশোর চলে যান। বেলা ১১টার দিকে প্রতিবেশীরা সেকান্দারের ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে উঁকি দিয়ে রহিমাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রহিমা আত্মহত্যা করেছে।