অভিমান করে গৃহবধূর নদীতে ঝাঁপ!
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতু থেকে সাদিয়া মেহজাবিন লুবনা (২৬) নামের এক গৃহবধূ শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ এ কথা জানিয়েছে।
সাদিয়া ঢাকার কদমতলী থানার মাতুয়াইল এলাকার শরীফ মাহমুদ লিটনের স্ত্রী। ডুবুরিরা গতকাল বেলা তিনটা থেকে রাত পৌনে সাতটা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও সাদিয়ার খোঁজ পাননি।
সাদিয়ার বাবা ও স্বামীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, মাতুয়াইলের পাটোয়ারীর বাড়ির ভাড়াটিয়া মোশাররফ হোসেনের মেয়ে সাদিয়ার এক বছরের একটি ছেলে রয়েছে। গতকাল ছিল ওই ছেলের জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠান পালন নিয়ে স্বামীর সঙ্গে সাদিয়ার বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে তাঁর বাবার সঙ্গেও মান-অভিমান হয়। একপর্যায়ে সাদিয়া অভিমান করে বাসা থেকে বের হয়ে যান। দুপুরের দিকে তিনি কাঁচপুর সেতু এলাকায় পৌঁছে তাঁর বাবাকে ফোন দেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাহাদাত হোসেন বলেন, সাদিয়া ফোন করে তাঁর বাবাকে বলেন তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। এ কথা বলেই তিনি নদীতে ঝাঁপ দেন। সেই থেকে তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
এসআই জানান, সাদিয়ার বাবা বিষয়টি সঙ্গে সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশকে জানান। পরে পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার সদর দপ্তরের ডুবুরি দলকে খবর দেয়। সদর দপ্তরের স্টেশন অফিসার দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যের একটি ডুবুরি দল বেলা তিনটার দিকে কাঁচপুরে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ জানান, রাত হয়ে যাওয়ায় পৌনে সাতটার দিকে তল্লাশি অভিযান স্থগিত করে ডুবুরি দল। আজ শুক্রবার সকালে আবার তারা তল্লাশি চালাবে।
সাদিয়ার বাবা আইএফআইসি ব্যাংকের ঢাকার মৌলভীবাজার শাখার কর্মকর্তা। তাঁদের বাড়ি নরসিংদীর শিবপুর থানার দনিয়া এলাকায়।