অভিমান করে বাড়িছাড়া কিশোরের লাশ ধানমন্ডি লেকে

রাজধানীর ধানমন্ডি লেক থেকে গতকাল মঙ্গলবার সকালে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুদীপ্ত দত্ত অর্জুন নামের ওই কিশোর পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। সে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। পরিবার ও পুলিশ জানায়, অভিমান করে গত রোববার বাড়ি থেকে বের হয়ে যায় সুদীপ্ত।
ময়নাতদন্তে সুদীপ্তের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ কুমার জানান, পানিতে ডুবে সুদীপ্তের মৃত্যু হয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। তাকে হত্যা করা হয়েছে—এমন কোনো আলামত পাওয়া যায়নি।
সুদীপ্তের মা ছন্দা দত্ত সোমবার তাঁর ছেলের অন্তর্ধানের ব্যাপারে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে সীমান্ত স্কয়ারের উল্টো দিকে ধানমন্ডি লেকের অংশে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন সেখানে ঘুরতে আসা কয়েকজন ব্যক্তি। পুলিশ যোগাযোগ করলে বাবা অসীম কুমার দত্ত থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, ছেলেটির শারীরিক গড়নে সমস্যা ছিল। এ নিয়ে তাকে খোঁটা দিত সহপাঠীরা। তা ছাড়া বাসা থেকেও পড়াশোনার জন্য খুব চাপ দেওয়া হতো। অভিমান করে রোববার রাতে সে বাসা থেকে বের হয়ে যায়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলীমুজ্জামান প্রথম আলোকে জানান, সাধারণ ডায়েরিতে ছেলেটি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।
দুই ভাইবোনের মধ্যে সুদীপ্ত ছোট। পূর্ব রায়ের বাজারের শেরেবাংলা রোডের একটি বাসায় মায়ের সঙ্গে সে থাকত। বাবা অসীম কুমার থাকেন ঢাকার বাইরে তাঁর কর্মস্থলে। অসীম কুমার প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে অন্তর্মুখী স্বভাবের ছিল। রোববার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট দেখা নিয়ে তার মা তাকে বকা দেন। তা ছাড়া গত ২৩ ফেব্রুয়ারি পরিবারের লোকজন তার জন্মদিন পালন করতে ভুলে যান। এ নিয়েও সুদীপ্তের মধ্যে ক্ষোভ ছিল। তা ছাড়া দাঁতের গড়নে ত্রুটি ছিল বলে স্কুলে সহপাঠীরা তাকে নিয়ে মশকরা করত। সেটাও তার মধ্যে মানসিক চাপ তৈরি করে।