অভিমান করে সভা বর্জন করলেন সাত চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভ্রমণ কর্মসূচির দ্বিতীয় দিনে তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে মিঠামইন উপজেলা পরিষদ। সেই মধ্যাহ্নভোজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হলেও উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের না ডাকায় অভিমান করেছিলেন তাঁরা। তাঁদের সেই অভিমান অবশেষে ক্ষোভে পরিণত হয়। গত রোববার উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা বর্জন করে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান তাঁরা।
চেয়ারম্যানরা জানান, তাঁদের এ প্রতিবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
জানা গেছে, মিঠামইন রাষ্ট্রপতির নিজের উপজেলা। গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সম্মানে উপজেলা পরিষদ মধ্যাহ্নভোজের আয়োজন করে। ইউপি চেয়ারম্যানরা আশা করেছিলেন আয়োজনটি উপজেলা পরিষদের হওয়ায় অবশ্যই তাঁরা আমন্ত্রিত হবেন। কিন্তু তাঁদের কাউকে আমন্ত্রণ না জানানোয় তাঁরা অভিমান করেন। এ অবস্থায় উপজেলা প্রশাসন রোববার সকালে উপজেলা মিলনায়তনে পূজা উদ্যাপন ও আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করে। যথাসময়ে অন্য সদস্যরা এলেও ইউপি চেয়ারম্যানরা আসছিলেন না। বেলা ১১টার দিকে একযোগে সব কজন চেয়ারম্যান মিলনায়তনে আসেন। প্রথমে পূজা উদ্যাপন বিষয়ে সভা হয়। ওই সভায় তাঁরা উপস্থিত ছিলেন। পূজা উদ্যাপন সভা শেষ হওয়ার পর আইনশৃঙ্খলার সভা শুরুর ঘোষণা দিতেই সাত ইউপি চেয়ারম্যান একযোগে সভাস্থল ত্যাগ করেন।
সভা বর্জনের কারণ জানতে চাইলে সদর ইউপি চেয়ারম্যান শরীফ কামাল বলেন, ‘আমরা উপজেলা পরিষদের অংশ। রাষ্ট্রপতির ভোজসভায় আমাদের দাওয়াত না দেওয়াটা ঠিক হয় নাই। এই কারণেই সভা বর্জন করেছি।’
জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. সহিদ ভূঁইয়া নিমন্ত্রণ না করার কথা স্বীকার করে বলেন, এত সাধারণ ঘটনায় জনপ্রতিনিধিদের গোসসা করা ঠিক নয়।