অভিমান ভাঙল তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক। ‘অভিমান’ করে এক বছর ধরে ছিলেন দলের সঙ্গে সম্পর্কহীন। হয়েছেন রাঙামাটি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী।
তবে শেষ পর্যন্ত অভিমান ভেঙেছে অমর কুমার দের। গত শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে দলীয় মেয়র পদপ্রার্থী মো. আকবর হোসেন চৌধুরীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ২৪ ঘণ্টা আগে অমর কুমার দে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর প্রচারে বাধা দিচ্ছেন। তাঁকেসহ তাঁর পরিবার, স্বজন ও কর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
অমর কুমার দে বলেন, ‘দলের সঙ্গে আমার কিছু ব্যক্তিগত অভিমানের কারণে নিজেকে বিচ্ছিন্ন রেখেছিলাম। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর আমার বাড়িতে গিয়ে কথা বলেন। তাঁর কথায় আমার অভিমান ভেঙেছে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, ‘অনেকের ব্যক্তিগত মান-অভিমান থাকতে পারে। কিন্তু দলের স্বার্থে আমরা যে এক তা অমর কুমার দে প্রমাণ করলেন।’
পৌরসভা নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে দীপংকর তালুকদার বলেন, ‘পৌরসভা নির্বাচনে জয়লাভ করতে না পারলে দলের অবস্থা নড়বড়ে হয়ে যেতে পারে। তাই দলীয় প্রার্থীর জয়ের জন্য সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমান ও চিং কিউ রোয়াজা এবং সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর।