অভিমান ভুলে তাঁরাও প্রচারণার মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিমান ভুলে আওয়ামী লীগ ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীরা নিজ নিজ দলীয় মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। কুড়িগ্রাম পৌরসভায় কয়েক দিন আগেও যাঁরা দলীয় কোন্দলে ব্যস্ত ছিলেন, তাঁরাই এখন দল থেকে মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম পৌরসভা মেয়রের পদটি বিএনপির দখলে রয়েছে। এ দল থেকে আবদুস ছালাম (১৯৯৯-২০০৪), আবু বকর সিদ্দিক (২০০৪-২০১১) এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর ইসলাম নুরু (২০১১-২০১৫) পর্যন্ত মেয়র হয়েছেন।
সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাঁকে না দিয়ে বর্তমান মেয়র নুর ইসলামকেই আবার প্রার্থী করেছে। এতে মনঃক্ষুণ্ন হন আবু বকর সিদ্দিক। এ ছাড়া দলের অপর একটি অংশের নেতা সফিকুল ইসলামও দলীয় প্রার্থীর পক্ষে মাঠে না নেমে চুপচাপ ছিলেন।
এ জটিল পরিস্থিতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা তাঁদের দুজনকে বুঝিয়ে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নামান। গতকাল শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির এসব নেতা-কর্মীকে মিলিতভাবে ধানের শীষের প্রার্থী নুর ইসলামের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়।
এ প্রসঙ্গে আবু বকর সিদ্দিক বলেন, ‘দলীয় প্রার্থী হতে না পেরে স্বাভাবিকভাবেই খারাপ লেগেছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে। দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি।’ সফিকুল ইসলাম বলেন, ‘যতই মতভেদ থাকুক, দলের প্রার্থীর পক্ষে কাজ করছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, বড় দলে মান-অভিমান থাকেই। সময়মতো সব ঠিকও হয়ে যায়। এবারও তাই হয়েছে। ধানের শীষের পক্ষে সবাই মাঠে নেমেছে। সুষ্ঠু নির্বাচন হলে কুড়িগ্রামে বিএনপি প্রার্থীই বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
কুড়িগ্রামে আওয়ামী লীগের প্রার্থী আবদুল জলিল। কিন্তু জেলা ও উপজেলা আওয়ামী লীগ থেকে কাজিউল ইসলামের নাম মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছিল। তা সত্ত্বেও কেন্দ্র থেকে আবদুল জলিলকে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ কাজিউল ইসলাম ‘বিদ্রোহী’ প্রার্থী হন। শেষ পর্যন্ত ১৪ ডিসেম্বর দলের সাধারণ সম্পাদক জাফর আলী তাঁকে বুঝিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে সম্মত করেন। পরে এ দলের অপর ‘বিদ্রোহী’ সাইদুল হাসান দুলালও মনোনয়ন প্রত্যাহার করে নেন।
কাজিউল ও সাইদুল দুজনই বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দলের প্রতি আনুগত্য থেকে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দুজনই নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর মাধ্যমে কুড়িগ্রাম পৌরসভার আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী বলেন, সরকারি দল। স্বাভাবিকভাবেই প্রার্থী অনেক। তবে দলের প্রয়োজন বিবেচনা করে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন।
আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বর্তমানে কুড়িগ্রাম পৌরভায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বেলাল হোসেন দলীয় ‘হাতপাখা’ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।