অভিমানী কিশোর ফিরে এলো মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আটক থাকার ১৩ মাস পর সেই অভিমানী কিশোর সালাহউদ্দীন শেখ (১৬) অবশেষে তার মায়ের কাছে ফিরেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শুক্রবার সকালে তাকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে তুলে দেয়। পরের দিন বাবা শেখ রফিকুল ইসলাম ও ভগ্নিপতি শিহাব উদ্দীন দামুড়হুদা থানা থেকে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আউসেরহাট গ্রামের বাড়িতে নিয়ে আসেন।সালাহউদ্দীন বলে, ‘গত শুক্রবার খুব ভোরে বিএসএফ সদস্যরা আমাকে ও আমার বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সাতাশিয়া গ্রামের ইমন চৌধুরীকে নিয়ে আসে। পরে দুপুর ১২টার দিকে তাঁরা আমাদের দর্শনা সীমান্ত এলাকায় নিয়ে এসে বিজিবির হাতে তুলে দেন।’ পারিবারিক সূত্রে জানা গেছে, সালাহউদ্দীনের ২০১২ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ২০১১ সালের নভেম্বর মাসে নির্বাচনী পরীক্ষায় ফল খারাপ হলে তাকে তার বাবা ও বড় ভাই ভর্ৎসনা করেন। এতে অভিমান করে সে ও তাঁর বন্ধু ইমন ১১ নভেম্বর ভারতে পালিয়ে আসে। ১৩ নভেম্বর সালাহউদ্দীন ও ইমন পশ্চিবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর রেলস্টেশন এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে। এরপর ১৩ মাস তারা করিমপুর সোশ্যাল ওয়েলফেয়ার হোমে ছিল। এ নিয়ে গত ২৫ ডিসেম্বর প্রথম আলোতে ‘অভিমানী কিশোরের দেশত্যাগ, ফিরিয়ে আনার আকুতি মায়ের’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সালাহউদ্দীনকে ফিরে পেয়ে তার মা সালেহা বেগম বলেন, ‘তোমরা লিখেছ বলে আমার সালাউদ্দীনকে ফিরে পেলাম। আরও আগে তোমাদের সঙ্গে কথা হলে ছেলেকে আরও আগে ফিরে পেতাম।’