অভিমানী কিশোরের দেশত্যাগ ফিরিয়ে আনার আকুতি মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মাস ধরে ভারতের পশ্চিমবঙ্গের একটি সংশোধনাগারে আটক রয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আউসেরহাট গ্রামের কিশোর সালাউদ্দীন শেখ (১৬)। ছেলেকে ফিরে পেতে দিন গুনছেন মা সালেহা বেগম ও বাবা শেখ রফিকুল ইসলাম।২০১১ সালের নভেম্বরে সালাউদ্দীন তার বন্ধু পাশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাতাশিয়া গ্রামের ইমন চৌধুরীর সঙ্গে ভারতে পালিয়ে যায়। সালাউদ্দীনের ভগ্নিপতি শিহাবউদ্দীন বলেন, সালাউদ্দীন পাকুরিয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে। সে ২০১২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু ২০১১ সালের নভেম্বরে নির্বাচনী পরীক্ষায় ফল খারাপ হলে বাবা ও বড় ভাই তাকে ভৎর্সনা করেন। এই অভিমানে সালাউদ্দীন পালিয়ে যায়। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ নভেম্বর সালাউদ্দীন ও ইমন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে রেলওয়ে পুলিশের হাতে ধরা পড়ে। ১৪ নভেম্বর তাদের আদালতে হাজির করা হয়। ২৮ নভেম্বর আদালত তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ১৩ মাস পেরিয়ে গেলেও ওই দুই কিশোরকে দেশে ফেরত পাঠানো হয়নি। বর্তমানে তারা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলার করিমপুর সোশ্যাল ওয়েলফেয়ার হোমে (জেসিএল অবজারভেশন হোম) আছে।কান্নাজড়িত কণ্ঠে সালাউদ্দীনের মা বলেন, ‘আমার মনারে আমি ফেরত চাই। কী করলে তারে ফিরা পাব, তোমরা বইলা দাও। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আমার ছেলেরে দেশে ফিরায় আনো; আমার কোলে ফিরায় দাও।’সালাউদ্দীনের পরিবারের কাছ থেকে পাওয়া নথি থেকে জানা গেছে, গত ৫ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনের কনস্যুলার আবু নাসের মো. আনওয়ারুল ইসলাম ভারতের বহিঃসম্পর্কবিষয়ক মন্ত্রণালয়ের কলকাতায় অবস্থিত শাখা সচিবালয়ে এক লিখিত আবেদন করেন। ওই আবেদনে সালাউদ্দীনসহ কলকাতার বিভিন্ন সংশোধনাগারে আটক ২৯ জন বাংলাদেশি নাগরিকের মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়। কিন্তু আজ অবধি তাদের মুক্তি মেলেনি। বানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ বলেন, সালাউদ্দীন নিরীহ প্রকৃতির ছেলে। এ এলাকায় একটি পাচারকারী চক্র সক্রিয়। এই চক্রই কিশোরদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে দেয়।