অভিমানী ছেলেকে মাটির ঘরে শুইয়ে দিলেন বাবা
নিজের পছন্দে প্রতিবেশী এক তরুণীকে বিয়ে করেছিলেন আবদুর রহমান শেখ (১৮)। বিয়েটা মেনে নেয়নি তাঁর পরিবার। অভিমান করে নয় মাস ধরে বাড়ি আসেননি। বারবার আকুতি জানিয়েছেন মা। কিন্তু সাড়া দেননি। সেই আবদুর রহমান অবশেষে বাড়ি ফিরলেন ২৫ এপ্রিল রাতে, অ্যাম্বুলেন্সে চড়ে একটি কাঠের বাক্সে বন্দী হয়ে। গত বুধবার সাভারে ভবনধসে মারা যান আবদুর রহমান। দুর্ঘটনার খবর শুনেই অমতে বিয়ে করায় যে বাবা তাঁর ওপর ছিলেন ক্ষুব্ধ, সেই ফারুক শেখ ছুটে যান সাভারে। গত বৃহস্পতিবার দুপুরে সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সারি সারি মৃতদেহ। তার মধ্য থেকে শুধু পা জোড়া দেখেই চিনে নেন অভিমানী বড় ছেলেকে। বৃহস্পতিবার রাতে বাড়ির আঙিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের মাঝে কবর দেওয়া হয় রহমানকে। চিরকালের জন্য ছেলেকে মাটির ঘরে শুইয়ে দেন বাবা। ফরিদপুর সদরের শিবরামপুর আরডি একাডেমীর দশম শ্রেণীর ছাত্র আবদুর রহমান গত বছরের জুলাইয়ে গোপনে বিয়ে করেন প্রতিবেশী জলিল শেখের মেয়ে পপি বেগমকে। বিয়েতে বাবা-মায়ের সায় ছিল না। সে কথা ভালোভাবেই জানতেন। বিয়ের পর গত নভেম্বরে স্ত্রীকে নিয়ে পাড়ি জমান ঢাকায়। সহকারী আয়রনম্যান হিসেবে মাত্র চার হাজার টাকায় কাজ নেন রানা প্লাজার সপ্তম তলার একটি তৈরি পোশাক কারখানায়। ওই টাকায় স্ত্রীকে নিয়ে টিকে থাকা সম্ভব নয়। পরে পপিও একই কারখানায় হেলপার হিসেবে যোগ দেন।পপি জানান, ‘প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করতে হতো রহমানকে। গত বুধবার সকাল সাড়ে সাতটার মধ্যে ও নাশতা খেয়ে বের হয়ে পড়ে।’ তিনি বলেন, ‘অসুস্থ বলে কয়েক দিনের ছুটিতে ছিলাম আমি। নয়টার দিকে শুনতে পারি দুর্ঘটনার খবর।’ গতকাল শুক্রবার সকালে সরেজমিনে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চানপুর বিশ্বাসপাড়া গ্রামে ফারুক শেখের বাড়িতে গিয়ে দেখা যায় এক হূদয়বিদারক দৃশ্য। অঝোরে কেঁদে চলেছেন রহিমা বেগম। আর বলছেন, ‘আমার আদরের ব্যাটা রে, কোথায় গেলি রে? আমার বুকের কলিজা ছিঁইড়া চইলা গেলি রে? এত বড় অভিমান কেন করলি রে?’