অভিমানী রিয়া সবাইকে কাঁদাল !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা ইয়াসমিন। ছবি: মুক্তার হোসেন
সাবিনা ইয়াসমিন। ছবি: মুক্তার হোসেন

জুতা পরে না যাওয়ায় স্কুল থেকে চলে যেতে বলার ঘটনায় ‘অপমান’ সইতে না পেরে নাটোরের সিংড়ায় সাবিনা ইয়াসমিন (১২) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১২টার দিকে পৌর এলাকার চক সিংড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে।

সাবিনা ইয়াসমিন সিংড়া দমদমা বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে একই এলাকার গোলাম রাব্বানীর মেয়ে। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, সাবিনা ইয়াসমিনকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়নি। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

স্কুল ও সাবিনা ইয়াসমিনের পরিবার সূত্রে জানা গেছে, সিংড়া দমদমা বালিকা বিদ্যালয়ে অন্য দিনের মতো রোববার সকালে অ্যাসেম্বলি হয়। অ্যাসেম্বলিতে ষষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রীর মতো অন্য ক্লাসেরও কয়েকজন বিদ্যালয়ের জামার সঙ্গে জুতা পরে আসেনি। এ কারণে সবাইকে পরের দিন থেকে জুতা পরে আসতে বলেন প্রধান শিক্ষক বিলকিস আক্তার বানু। অ্যাসেম্বলি শেষে সবাই যে যার মতো ক্লাসে চলে যায়।

ক্লাস শুরু হলে শ্রেণিশিক্ষক আবু হানিফ ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াসমিনসহ তিনজনকে বাড়ি থেকে জুতা পরে আসতে বলেন। কিন্তু সাবিনা ইয়াসমিন জুতা পরার জন্য বাড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঘরের জানালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবিনা ইয়াসমিনের বাবা গোলাম রাব্বানী বলেন, ‘সকালে মেয়ে স্কুল থেকে চলে আসার কারণ জানতে চাই। মেয়ে বলে বিদ্যালয়ের জামার সঙ্গে জুতা পরে না যাওয়ার কারণে তাকে জুতা পরে স্কুলে যেতে বলা হয়েছে। আমিও মেয়েকে বলি তুমি জুতা পরে না গেলে তো স্কুল থেকে বের করেই দেবে, কেন জুতা পরে যাওনি। পরে মেয়ে নিজ ঘরে ঢুকে দরজা-জানালা আটকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে ঘরের জানালা ভেঙে মেয়ের লাশ উদ্ধার করা হয়।’

গোলাম রাব্বানী জানান, রিয়া বরাবরই অভিমানী। এ জন্য আমরা তাকে তেমন একটা বকা ঝকা করতাম না।

সিংড়া দমদমা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার বানু বলেন, প্রতিদিনের মতো রোববারও স্কুলের অ্যাসেম্বলি হয়। ষষ্ঠ শ্রেণির কয়েকজনের মতো অন্য ক্লাসের সাত-আট শিক্ষার্থী জুতা পরে আসেনি। পরে তাদের জুতা পরে আসতে বলা হয়। কেউ কেউ বাড়ি থেকে জুতা পরে এসে ক্লাসে যোগও দেয়। কিন্তু সাবিনা ইয়াসমিন নামের ওই শিক্ষার্থী কেন এমন ঘটনা ঘটাল তা বোধগম্য নয়। তিনি আরও বলেন, জুতা পরে না আসার কারণে শ্রেণিশিক্ষকও শিক্ষার্থীদের বকাঝকা করেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা শুনেছি। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়টি এখনো পরিষ্কার হওয়া যায়নি।’

সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আহসান জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার আলী।