অভিমানে অবসর চাইলেন সচিব হুমায়ুন কবীর
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে কয়েক দিন আগে বদলি করা সরকারের জ্যেষ্ঠ সচিব মুহম্মদ হুমায়ুন কবির স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অবসরে যাওয়ার আবেদন করেন। প্রশাসনে ওই পদস্থ কর্মকর্তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ সচিব হওয়া সত্ত্বেও তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে ভূমি আপিল বোর্ডের মতো কম গুরুত্বপূর্ণ দপ্তরে বদলি করা হয়। এ জন্য অভিমান থেকেই তিনি অবসর চেয়েছেন। জানতে চাইলে হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, গত বুধবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবসরের আবেদন করেছেন। চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার পর স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।জনপ্রশাসনের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে হুমায়ুন কবিরের পরিচিতি আছে। দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে সম্প্রতি তিনি প্রভাবশালী মহলের বিরাগভাজন হন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একাধিক কর্মকর্তা। গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে হুমায়ুন কবির নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না।’