অভিমানে চলে গেলেন ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে নাটোরের বাগাতিপাড়ার ববিতা আক্তারকে বখাটেদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তাঁর শিক্ষক মিজানুর রহমান। সেই ববিতা আক্তার শেষ পর্যন্ত অভিমানে চলে গেলেন না-ফেরার দেশে। গতকাল বুধবার বিকেলে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের কালাচাঁদ প্রামাণিকের মেয়ে ববিতা আক্তারকে (২০) উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে বখাটেদের হাতে তাঁর শিক্ষক মিজানুর রহমান খুন হয়েছিলেন। ২০১০ সালের বহুল আলোচিত ওই ঘটনার জের ধরে দেশে ইভ টিজিং প্রতিরোধে আইন পাস হয়। সেই ববিতা আক্তার কলেজের পড়া শেষ করে রাজশাহী বরেন্দ্র কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ালেখা করছিলেন। এর মাঝে তাঁর চাচি হিরা বেগমের ভাতিজা হূদয় হোসেনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। কথা ছিল তাঁরা বিয়ে করবেন। ইতিমধ্যে হূদয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে চাকরিও করছেন। তবে চাকরি নেওয়ার পর থেকে তাঁর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। সোমবার তিনি ওই ছেলেটির খোঁজে নাটোর শহরের কান্দিভিটুয়া মহল্লার বাড়িতে আসেন। এ সময় তিনি জানতে পারেন, ছেলেটি সম্প্রতি অন্য এক মেয়েকে বিয়ে করেছেন। ঘটনাটি জানার পর তিনি বাড়ি ফিরে বিষয়টি নিয়ে তাঁর চাচির সঙ্গে বাগিবতণ্ডা করেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তিনি বিষপান করেন। ওই দিন দুপুরে তাঁকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২০১০ সালের ২০ নভেম্বর বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজে যাওয়ার পথে বখাটেরা তাঁকে উত্ত্যক্ত করলে শিক্ষক মিজানুর রহমান প্রতিবাদ জানান। এর জের ধরে বখাটেদের হামলায় মিজানুর মারা যান। আদালত বিচার শেষে বখাটেদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।