অভিমানের শাস্তি এত কঠিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার কাছে একটি ল্যাপটপ কেনার বায়না ধরেছিলেন শ্রাবণী বর্মণ (১৮)। দিই, দিচ্ছি বলে বাবা একটু কালক্ষেপণ করছিলেন। এ নিয়ে বাবার ওপর তাঁর অভিমান ছিল। এর মধ্যে গতকাল শনিবার বাবা দুপুরে দেখেন শ্রাবণী ঘুমাচ্ছেন। তিনি রাগ করে বলেন, ‘এই অবেলায় শুয়ে আছ কেন? সংসারের কাজকর্ম করে মাকে একটু সাহায্য করতে তো পারো?’এতে বাবার ওপর অভিমানের মাত্রাও বেড়ে যায়। নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন শ্রাবণী। মা বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ফেলেন। দেখেন, ফ্যানে ওড়নার সঙ্গে শ্রাবণীর মৃতদেহ ঝুলছে। এবারই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন শ্রাবণী। আগামী মাসে তাঁর ক্লাস শুরু হওয়ার কথা ছিল। ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের সোবহান মোল্লা সড়কে। বাবা ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাখাল চন্দ্র বর্মণ। মা বাসন্তী রানী। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে খেতে এসে মেয়েকে বকেন রাখাল চন্দ্র। তিনি চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে। তিন ভাইবোনের মধ্যে শ্রাবণী মেজো। বড় বোন হৈমন্তী শুক্লা ঢাকা ডেন্টাল কলেজে পড়ছেন। ছোট ভাই মুগ্ধ বর্মণ প্রথম শ্রেণীতে পড়ে। শ্রাবণীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছেন তাঁর বাবা-মা, বোনসহ নিকটাত্মীয়রা। প্রতিবেশী মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ জানান, চিকিৎসক বাবার ইচ্ছে ছিল দুই মেয়েকেই চিকিৎসক বানাবেন। সে সংগ্রামে তিনি জয়ীও হয়েছিলেন। কিন্তু শ্রাবণীর একটি অভিমান তাঁর আজীবনের স্বপ্নসাধ ধূলিসাৎ করে দেবে এটা কি তিনি কখনো ভেবেছেন?শ্রাবণীর বান্ধবী চিত্রলেখা দাস আবেগজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কখনো দ্বিতীয় হয়নি শ্রাবণী। এ বছর ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ফরিদপুর শহর থেকে শ্রাবণী একাই স্থান পেয়েছে। আমরাও বাবা-মায়ের ওপর অভিমান করি। কিন্তু অভিমানের শাস্তি এত কঠিন হবে কেন?’